নারী উন্নয়নে বরাদ্দ অর্থ পুরোপুরি খরচ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের উন্নয়নে বরাদ্দ অর্থ পুরোপুরি খরচ হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল শনিবার দুপুরে সিলেট সরকারি মহিলা কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানিয়ে বলেন, ‘শেখ হাসিনার সরকার প্রগতিশীল সরকার। নারীর ক্ষমতায়নে সরকার কাজ করছে। প্রতিবছর নারীদের উন্নয়নের জন্য বাজেটে ১০০ কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এ পর্যন্ত একবারও তা পুরোপুরি ব্যবহৃত হয়নি।’
অর্থমন্ত্রী চলতি বছরের চিত্র তুলে ধরে বলেন, ‘এ বছরই সবচেয়ে বেশি ৬৫ কোটি টাকা ব্যবহৃত হয়েছে। তা পুরোপুরি হবে কি না, আমি এখনো নিশ্চিত নই।’
কলেজের অধ্যক্ষ নজরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ, বেসরকারীকরণ কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সিলেটের সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
নারীদের কোনো ধরনের দ্বিধাবোধ ছাড়া সব ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে। কারণ, সরকার নারী-পুরুষের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সব সময় প্রস্তুত।’ দেশে নারী কর্মজীবীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, ‘মাত্র ৩০ বছরে ৭ শতাংশ থেকে দেশে নারী কর্মজীবী মানুষের সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ৩০ থেকে ৪৫ শতাংশে। এটি নারীর ক্ষমতায়নের একটি চিত্র। প্রতিটি সেক্টরে এখন নারীরা কাজ করছে।’
রাশেদা কে চৌধূরী বলেন, ‘আজকের উপস্থিতি প্রমাণ করছে বাংলাদেশের নারীরা আজ কোথায় অবস্থান করছে। যেটা বলা হয়েছে তৃণমূল থেকে হিমালয়ের শিখরে, নারীর অগ্রযাত্রা অব্যাহত আছে। নারীর অগ্রযাত্রায় সরকার যা করছে, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি।’
সিলেট সরকারি মহিলা কলেজে শিক্ষকতার স্মৃতিচারণা করেন আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, ‘৫৭ থেকে ৬১ সাল, আজও মনে পড়ে। বিশ্ববিদ্যালয়ের সবুজ গাছপালার ছায়ায় কাটছিল আমার সুন্দরতম দিনগুলো। এম এ পরীক্ষার পর শিক্ষকতার চাকরি হয়েছিল রঙিন কমলার দেশ সিলেটে। রাতের ট্রেনে সিলেট পৌঁছালাম, আমার চাকরি হয়েছিল। পরে জেনেছি আমার চাকরি হয়েছিল আমার নিষ্পাপ চোখের জন্য।’
সন্ধ্যায় নাসরিন চৌধুরীর রচনায় ও আনোয়ার হোসেনের নির্দেশনায় ‘সৃজনশীল আইডিয়া সেন্টার’ নামে একটি রম্য-শ্রুতি নাটক পরিবেশন করা হয়। আজ রোববার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৭৫ বছর পূর্তির আনুষ্ঠানিকতা শেষ হবে।