নারী উন্নয়ন নীতি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার দুপুরে লাইব্রেরি ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল প্রশাসন মানববন্ধনের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, হলের প্রাধ্যক্ষ নাজিয়া চৌধুরী, সহকারী প্রাধ্যক্ষ জায়েদা শারমিন প্রমুখ। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও যোগ দেন। মানববন্ধন-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যারা নিজের স্ত্রী ও বোনদের সম্পদ লুণ্ঠন করতে চায়, তারাই প্রস্তাবিত নারী উন্নয়ন নীতির বিরোধিতা করছে। এটি পবিত্র কোরআন রক্ষার আন্দোলন নয়। কোরআন রক্ষার আন্দোলন হলে রাস্তায় কোরআন নিয়ে পিকেটিং করা হতো না। আন্দোলনকারীরা ধর্ম ও মানুষের ধর্মীয় অনুভূতি ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।