নারী উন্নয়ন নীতিমালা বাতিলের দাবিতে হাটহাজারীতে বিক্ষোভ
প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালা, হাইকোর্টে ফতোয়াবিরোধী রায় ও শিক্ষানীতি বাতিলের দাবিতে গতকাল সোমবার চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল হয়েছে। হাটহাজারী ওলামা পরিষদের উদ্যোগে মিছিল-সমাবেশের আয়োজন করা হয়।হাটহাজারী পার্বতী উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সমাবেশে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও ওলামা পরিষদের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী বলেন, সম্পদে নারী-পুরুষের অধিকার নিয়ে পবিত্র কোরআনে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। শত শত বছর ধরে এ আইন সমাজে চালু আছে। ব্রিটিশসহ কোনো আমলেই এ আইনের ওপর হস্তক্ষেপ করার সাহস কোনো সরকার করেনি। সরকার ফতোয়া এবং নারীর সম-অধিকারের নামে ইসলাম ও কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে তা হবে এ দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা।হাটহাজারীসহ উত্তর চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, সীতাকুন্ড, মিরসরাই, রাঙামাটি, খাগড়াছড়ি অঞ্চলের ওলামা-মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসলমানরা এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন। এ সময় চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওলামা পরিষদের নেতা ইয়াহইয়া, জসীম উদ্দীন, হাবিবুর রহমান, আবদুর রহমান চৌধুরী, হাবীবুল্লাহ, নাসীরউদ্দীন, মুঈনুদ্দীন, মাহমুদুল হোসাইন, সফি উল্লাহ, জাহাঙ্গীর মেহেদী প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন শামসুল আলম।