নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে জাতীয় মহিলা সংস্থা।সংগঠনটির ঢাকা জেলার পক্ষে গতকাল রাজধানীর এয়ারপোর্ট সড়কের শেওড়া বাসস্ট্যান্ডে মানববন্ধন করে ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কর্মসূচি থেকে ক্ষমতাসীন দলের প্রতি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। ফেনী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের দাবিতে গতকাল সকালে ফেনীতে মানববন্ধন হয়েছে। জাতীয় মহিলা সংস্থা ফেনী জেলা শাখার আয়োজনে ও স্থানীয় কয়েকটি মহিলা সংগঠনের সহযোগিতায় বেলা ১১টায় শহরের ট্রাংক রোড, জেল রোড ও শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন নারীনেত্রী জাহান আরা বেগম, খাদিজা খানম রুনা, সেলিনা চৌধুরী, জুয়েল দাস, শামীমা কবির, মর্জিনা আক্তার, রোকেয়া বেগম প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে নারী উন্নয়ন নীতি প্রণয়নের জন্য সরকারকে সাধুবাদ ও ধন্যবাদ জানানো হয়। এ নীতির বিরোধিতাকারীদের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচিত হওয়া দরকার। তাঁরা অবিলম্বে নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের দাবি জানান। নারীসমাজের সংবাদ সম্মেলননারী উন্নয়ন নীতি নিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টিকারীরা অনেক আগেই প্রত্যাখ্যাত হয়েছে। এই নীতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সচেতন নারী সমাজ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ আহ্বান জানান। ‘নারীনীতি নিয়ে মিথ্যাচার ও জাতির মধ্যে বিভান্তি সৃষ্টির প্রতিবাদ’ শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সচেতন নারীসমাজের আহ্বায়ক লুৎফুন্নাহার। তিনি বলেন, একাত্তরের রাজাকার সেই চিহ্নিত শক্তি আবারও এ দেশের নারীদের ভাগ্য-উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। এদের প্রতিহত করতে সচেতন সমাজকে এগিয়ে আসতে হবে।বক্তারা বলেন, নারী অধিকার নিয়ে আন্দোলন করার নৈতিক অধিকার আমিনী ও তাঁদের দোসরদের নেই। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদৌসী বেগম, মো. আবুল হোসেন, ইয়াসমিন চৌধুরী প্রমুখ।