অবিলম্বে নারী উন্নয়ন নীতিমালার পরিপূর্ণ বাস্তবায়নের কাজ শুরুর দাবি জানানোর মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশ মহিলা পরিষদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল রোববার এ উপলক্ষে এক আলোচনা সভা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এসব অনুষ্ঠান থেকে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা এবং মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান সংহত করার আহ্বান জানানো হয়।‘দীপ্ত হোক শতাব্দীর নারী আন্দোলনের ধারা, অমিত তেজে বলীয়ান হোক মানব-প্রগতির সংগ্রাম’ স্লোগান নিয়ে গতকাল ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে মহিলা পরিষদ। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ জন কৃতী নারী এবং সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে বিশেষ ভূমিকা পালনের জন্য ৯০ জন সংগঠককে সম্মাননা দেওয়া হয়।বিশেষ অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, নারীরা এখন সমাজে অনেক অধিকার পাচ্ছে। রাস্তায়, কর্মক্ষেত্রে নারীরা বেরিয়ে আসছে। একসময় এটি ছিল অকল্পনীয়। তবে এখনো তারা অনেক অধিকার থেকে বঞ্চিত। তিনি বলেন, তিনি স্বপ্ন দেখেন ২০ বছরের মধ্যে ৫০ শতাংশ নারীর কাছে পুঁজি ও মালিকানা এবং সংসদে ৫০ শতাংশ আসনে থাকবেন নারীরা। পোশাকশিল্পে তাঁদের অংশগ্রহণকে সামাজিক বিপ্লব আখ্যা দিয়ে এই অর্থনীতিবিদ বলেন, এই বিপ্লব যাঁরা সংগঠিত করছেন, তাঁদের অধিকারের বিষয়টি বিবেচনা করতে হবে।মহিলা পরিষদ ও অনুষ্ঠানের সভাপতি আয়শা খানম নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, এমন কোনো নারী নেই, যাঁরা নীতিটি পড়লে এর বিরোধিতা করবেন। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘২০০৪ সালে যে ভুল করেছিলেন, তা আবার করবেন না। যারা নারীকে পিছিয়ে দিতে চায়, তাদের কোনো ধরনের সহায়তা বা সমর্থন দেবেন না। সেটি বাস্তবসম্মত বা দূরদৃষ্টিসম্পন্ন কোনো সিদ্ধান্ত হবে না।’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নারী আন্দোলনের সংগঠক আইনুন নাহার, সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু প্রমুখ বক্তব্য দেন। শোকপ্রস্তাব পাঠ করেন সংগঠনের সহসভাপতি ফওজিয়া মোসলেম। সাংগঠনিক সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা পাঠ করেন।সম্মাননা: সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ নারীকে বিশেষ সম্মানা দেওয়া হয়। তাঁরা হলেন হালিমা খাতুন, প্রয়াত মমতাজ বেগম, রওশন আরা বাচ্চু, প্রয়াত ড. নীলিমা ইব্রাহীম, ফেরদৌসী প্রিয়ভাষিণী, প্রয়াত সালমা সোবহান, রাবেয়া খাতুন, প্রয়াত সুলতানা জামান, কুমুদিনী হাজং ও জ্যোতিপ্রভা লারমা।এ ছাড়া নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মহিলা পরিষদের অভিযাত্রায় প্রত্যয়ী ও প্রেরণামূলক ভূমিকার জন্য বিশেষ সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামাল, মনোরমা বসু ও শহীদজননী জাহানারা ইমামকে। প্রয়াত সভাপতি হেনা দাস, প্রয়াত সৈয়দা ফিরোজা বেগম, নারীনেত্রী মালেকা বেগম, প্রয়াত লায়লা সামাদ, আমেনা আহমেদ, প্রয়াত হুরমতউন্নেসা ওদুদ, রেবেকা মহিউদ্দিন, জোহরা তাজউদ্দিন, সেলিনা খালেক, মুনিরা খান, প্রয়াত শান্তি দত্ত, প্রয়াত বেলা নবী, প্রয়াত চিত্রা ভট্টাচার্য্য, মাখদুমা নার্গিস, ফওজিয়া মোসলেম, প্রয়াত নুরজাহান মুরশীদ, প্রয়াত সেলিনা বানুসহ ৯০ নারীকে সম্মাননা দেওয়া হয়।