নারী উন্নয়ন পরিস্থিতি জানে না মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার জাতীয় নারী উন্নয়ন নীতি চূড়ান্ত করে ২০১১ সালে। ওই নীতি বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হয় ২০১৩ সালে। তবে গত তিন বছরে কর্মপরিকল্পনার কতটুকু বাস্তবায়িত হয়েছে, সেই তথ্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কাছে নেই।
কর্মপরিকল্পনা দলিলে বলা আছে, ১০ বছরে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কর্মপরিকল্পনায় স্বল্পমেয়াদি লক্ষ্যমাত্রা ২ বছরের মধ্যে, মধ্যমেয়াদি লক্ষ্যমাত্রা ৫ বছর এবং দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা ১০ বছরের মধ্যে বাস্তবায়ন করার কথা। কর্মপরিকল্পনায় ২২টি মূল লক্ষ্যের পাশাপাশি ২৫টি বিষয়ে সুনির্দিষ্ট উদ্দেশ্য বর্ণনা করা আছে। কোন মন্ত্রণালয় কোন লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে কাজ করবে, তা-ও স্পষ্ট করে বলা আছে ওই দলিলে। তাতে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের সমন্বয় করবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
সমন্বয় না হওয়ার কারণে কোন মন্ত্রণালয় নারী উন্নয়নে কী কাজ করছে, কোন ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে, তার সঠিক হিসাব সরকার পাচ্ছে না। অন্যদিকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো কাজ না হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মন্ত্রণালয়গুলোর সম্মিলিতভাবে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরির কথা ছিল। কর্মপরিকল্পনা বাস্তবায়নে যেসব মন্ত্রণালয় এগিয়ে থাকবে, তারা পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয় থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ পাবে। কিন্তু এখন পর্যন্ত কোন মন্ত্রণালয় কর্মপরিকল্পনার কতটুকু বাস্তবায়ন করেছে, সে তথ্যই জানা সম্ভব হচ্ছে না। স্বল্পমেয়াদি লক্ষ্যমাত্রা পূরণ বিষয়ে মূল্যায়ন প্রতিবেদন তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু সেই প্রতিবেদন তৈরি হয়নি।
কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে জানতে চাইলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম প্রথম আলোকে বলেন, কর্মপরিকল্পনাটি বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় গুরুত্ব দিচ্ছে। যে যার মতো করে কাজ করছে। তবে কোন মন্ত্রণালয় কত শতাংশ কাজ করেছে, সে ধরনের তথ্য দেওয়া সম্ভব নয়।
জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ আছে। প্রধানমন্ত্রী এই পরিষদের সভাপতি। এই পরিষদের সর্বশেষ সভা হয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে। অন্যদিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে নারী উন্নয়ন বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। তিন মাস পরপর এই কমিটির সভা হওয়ার কথা। এ ধরনের কমিটিগুলো কর্মপরিকল্পনা বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করে। তবে কমিটিগুলোর সভা নিয়মিত হয় না বলে জানা গেছে।
কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রথম আলোকে বলেন, শিক্ষা, খেলাধুলাসহ কিছু ক্ষেত্রে নারীর অর্জন দৃশ্যমান। মেয়েদের বিয়ের বয়স নির্ধারণসহ কিছু ক্ষেত্রে সরকারের উদ্যোগ জাতীয় নারী উন্নয়ন নীতি ও কর্মপরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, নিরাপত্তা, নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে কর্মপরিকল্পনা কতটুকু বাস্তবায়িত হয়েছে, তা দৃশ্যমান নয়।
তিন মাস পরপর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নারীর অগ্রগতি দেখার জন্য দায়িত্বপ্রাপ্তদের (উইড ফোকাল পয়েন্টস) নিয়ে সমন্বয় সভা হওয়ার কথা। সর্বশেষ সভা হয়েছে গত বছরের আগস্ট মাসে। ওই সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি মন্ত্রণালয় নির্ধারিত ছকে তিন মাস পরপর নারী উন্নয়ন নীতির কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দেবে। আর সভা না হওয়ায় অগ্রগতিও জানা যায়নি।
স্বল্পমেয়াদি লক্ষ্যমাত্রা: স্থানীয় পর্যায়ের নির্বাচনে ৫০ শতাংশ নারীর প্রার্থিতা বিষয়ে আইন করার কথা ছিল। আইন হয়নি। প্রচলিত আইন পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সাংসদ, নারী অধিকার সংগঠনের সদস্যদের নিয়ে টাস্কফোর্স গঠন করার কথা ছিল। টাস্কফোর্স হয়নি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণে বাবার নাম উল্লেখ করা অনাবশ্যক বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ গণমাধ্যমে প্রচার করার কথা থাকলেও তা করা হয়নি। গৃহকর্মে পুরুষের ভূমিকা নিয়ে স্কুলভিত্তিক প্রচার করেন এবং গৃহকর্মে অংশ নেন—এমন অন্তত ১০ জন পুরুষকে পুরস্কার দেওয়ার কথা ছিল। এসব হয়নি। সরকারের সব দলিলে জাতীয় অর্থনীতিতে নারীর অবদানের কথা লেখা ও পরিসংখ্যান অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল, তা পূরণ হয়নি। একইভাবে রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরি, পিতৃত্বকালীন ছুটি চালু, বেসরকারি ও শিল্পকারখানায় মাতৃত্বকালীন ছুটি ছয় মাস, গণমাধ্যম প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী আচরণ বিধিমালা তৈরির কথা শুধু কাগজে-কলমেই রয়ে গেছে।
দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা: উপার্জন, উত্তরাধিকার, ঋণ, ভূমি ও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত সম্পত্তিতে নারীকে পূর্ণ নিয়ন্ত্রণের অধিকার দেওয়ার জন্য আইন প্রণয়ন ও বাস্তবায়নের কথা বলা আছে দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রায়। এ বিষয়টি ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক নয়—এমন বার্তা সমাজে প্রচার করা লক্ষ্যমাত্রায় অন্তর্ভুক্ত আছে। অন্যদিকে জাতীয় সংসদে সংরক্ষিত আসন ৩৩ শতাংশ বৃদ্ধির জন্য আইন প্রণয়ন ও সরাসরি ভোটের ব্যবস্থা, সংসদে ন্যূনতম দুটি আসন প্রতিবন্ধী নারীদের জন্য বরাদ্দের লক্ষ্যমাত্রা আছে।
দীর্ঘমেয়াদি বিভিন্ন লক্ষ্যমাত্রা পূরণের উদ্যোগ শুরু না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন আয়শা খানম। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে একটি মূল্যায়ন প্রতিবেদন করে বিষয়গুলো স্পষ্ট করা প্রয়োজন।