শত বছরের ইতিহাসে বাংলাদেশে নারীর অর্জন যেমন আছে, তেমনি অনেক ক্ষেত্রে তাঁরা এখনো বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। দৃষ্টিভঙ্গিগত অবস্থানের কারণে গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে নারীকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। আবার বিভিন্ন আইন থাকলেও তার বাস্তবায়ন হচ্ছে না এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলো নিষ্ক্রিয় হয়ে আছে।বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নারীর অর্জন ও একই সঙ্গে সম-অধিকার প্রতিষ্ঠায় কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে উদ্দেশ্য সামনে রেখে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। নগরের বিয়ামের বিভিন্ন মিলনায়তনে দিনব্যাপী নয়টি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আইনের বাস্তবায়ন ও নারী উন্নয়নে বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যোগকে সক্রিয় করার আহ্বান জানান। অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।‘নারী আন্দোলনের ১০০ বছর’ শীর্ষক কর্ম-অধিবেশনে বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম বলেন, ১০০ বছরের নারী আন্দোলনের ইতিহাসে সংগ্রাম, বিদ্রোহ, ভালোবাসা, গণতান্ত্রিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সমন্বয় ঘটেছে। ফলে নারী আন্দোলনকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। ‘প্রতিবন্ধী নারীর অধিকার’ শীর্ষক কর্ম-অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, প্রতিবন্ধী নারীরা আরও বেশি অবহেলার শিকার।‘নারী ও গণমাধ্যম’ কর্ম-অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন বলেন, ১৯৯৫ সালে বেইজিং কর্মপরিকল্পনা, ১৯৯৭ সালের জাতীয় নারী উন্নয়ননীতি এবং ১৯৯৮ সালের জাতীয় কর্মপরিকল্পনায় নারী ও গণমাধ্যম বিষয়টি স্পষ্ট করে বর্ণনা করা আছে। কিন্তু আজও তার বাস্তবায়ন হয়নি। নীতিনির্ধারকদের বাস্তবায়নের দিকে নজর দিতে হবে।‘নারীর ক্ষমতায়ন: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ কর্ম-অধিবেশনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ নারীদের বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের ওপর গুরুত্ব দেন। এসব অধিবেশনে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজিয়া বেগম, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালমা বিনতে কাদির, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন, নারীনেত্রী রোকেয়া কবীর, সাংসদ সানজিদা খানম, তারানা হালিম, প্রমুখ।