নারী উন্নয়নের প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা নারী অধিকারবিষয়ক বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নারী প্রার্থীদের এমন প্রতিশ্রুতিকে নির্বাচনী প্রচারণার ব্যতিক্রমী কৌশল বলে মনে করছেন ভোটাররা।
এসব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে যৌতুকবিরোধী আন্দোলন, বাল্যবিবাহ প্রতিরোধ, দুস্থ নারীদের পুনর্বাসন ইত্যাদি।
রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ধুনট পৌরসভায় তিনটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত শুক্রবার নারী প্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় কথা হয় কয়েকজনের সঙ্গে। এ সময় ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেনুকা পারভিন বলেন, এলাকার বেশির ভাগ লোক দরিদ্র ও অশিক্ষিত। এলাকায় যৌতুক, বাল্যবিবাহ, নারীর প্রতি অবহেলা তাই খুব বেশি। ভোটারদের এসব সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তিনি। একই ওয়ার্ডেরই প্রার্থী মদিনা খাতুন বলেন, ‘সমাজের অবহেলিত নারীদের পুনর্বাসনে কাজ করার কথা বলছি। অনেক সময় সালিস বৈঠকে নারীদের প্রতি অবিচার করা হয়। তাই নারীদের ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি।’
২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী শিল্পী খাতুন বলেন, ‘পুরুষশাসিত সমাজে নারীদের অধিকার আদায় করতে চাই। বিভিন্ন সময় কাজ করতে গিয়ে নারীদের নানা প্রতিকূলতায় পড়তে হয়েছে। এসব প্রতিকূলতা কাটিয়ে তুলতে নারীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছি।’
৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিলর শিউলি খাতুন বলেন, ‘আমার এলাকার বেশির ভাগ লোক হতদরিদ্র। কেউ তাঁদের জন্য কাজ করেন না। এবার নির্বাচিত হলে নারীসহ এলাকার অবহেলিত মানুষের জন্য কাজ করব।’ একই ওয়ার্ডের প্রার্থী অলেকা বেগম বলেন, ‘আমি বিজয়ী হতে পারলে নারীসমাজের নিরক্ষরতা দূরীকরণ ও পুঁজি গঠনের লক্ষ্যে দুস্থ নারীদের উদ্বুদ্ধ করব।’