অর্থনৈতিক উন্নয়নে নারীর অবদানের মূল্যায়ন হয় না। নারী অর্থ উপার্জন করেন। কিন্তু তা খরচের স্বাধীনতা নারীর থাকে না।
আজ বুধবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জেন্ডার সংবেদনশীল বাজেট বাস্তবায়ন-পরিবীক্ষণ’ বিষয়ক আলোচনা সভায় আলোচকেরা এসব কথা বলেন। আগামী জাতীয় বাজেট ঘোষিত হওয়ার আগে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ। খবর বিজ্ঞপ্তির।
আলোচনায় বক্তারা বলেন, শুধু জেন্ডার সংবেদনশীল বাজেট প্রণয়নই নয়, নারী যেন তাঁর আয়-ব্যয় ও সঞ্চয়ের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারেন, সেদিকেও দৃষ্টি দিতে হবে।
সভার বিশেষ অতিথি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক (গবেষণা) বিনায়ক সেন বলেন, জেন্ডার বাজেটে নারী শ্রমিকদের স্বার্থ এবং সমাজতান্ত্রিক আন্দোলনের দুটি ডিসকোর্সের মধ্যে একটি সমন্বয় করা প্রয়োজন। নারীরা গৃহে যে শ্রম দেন, তার আর্থিক মূল্যায়ন নেই। এই বিষয়টি বাজেটে আনতে হবে। তিনি বলেন, পোশাকশিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন নেই। ফলে শ্রমিকেরা নানাবিধ সমস্যায় পড়ছেন। তা ছাড়া এসব কারখানায় ন্যূনতম একটি অবকাঠামোগত সুবিধা থাকা উচিত। এ বিষয়ে নারী আন্দোলনকে আরও কাজ করতে হবে।
বিনায়ক সেন কৃষক নারী ও আদিবাসী নারীদের সমস্যা তুলে ধরে তাঁদের সমস্যা সমাধানে সরকার, সংগঠন, দাতা সংস্থাসহ সবার যৌথ উদ্যোগে একটি সেল গঠনের প্রস্তাব করেন।
সভায় মূল প্রবন্ধ পড়ে শোনান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নিলোর্মী। তিনি বলেন, নারী আন্দোলনের দীর্ঘদিনের দাবির মুখে ২০০৬-০৭ অর্থবছরের বাজেটে জেন্ডার বাজেটিং শিরোনামে মাত্র সাত লাইনের একটি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত হয়। তবে ২০১২-১৩ অর্থবছরে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নারী উদ্যোক্তার জন্য ডেস্ক চালু করা, নারী উদ্যোক্তাদের জন্য এককালীন ১০০ কোটি টাকা বরাদ্দ রাখাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। মূল প্রবন্ধে শিশু দিবাযত্ন কেন্দ্রের সংখ্যা বাড়ানো, মাদ্রাসা শিক্ষার বরাদ্দ কমিয়ে সাধারণ শিক্ষার বিস্তৃতি ঘটানোসহ বিভিন্ন সুপারিশ করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, প্যানেল আলোচক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার আশরাফুল মুনিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন বক্তব্য দেন।
সভা পরিচালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক কাজী সুফিয়া আখতার।