নারী এনজিওকর্মীর দেহ তল্লাশির চেষ্টা, ৯ পুলিশকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরাকারবারি সন্দেহে ব্র্যাকের এক নারী কর্মীর দেহ তল্লাশির চেষ্টার ঘটনায় বিক্ষুব্ধ জনতা পুলিশের নয় সদস্যকে গণপিটুনি দিয়েছে। গত শনিবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কালাই থানার এএসআই শাহিনুর রহমান এবং কনস্টেবল হারুন শিরট্রি বাজার থেকে নিশ্চিন্তা বাজারে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করেন। পরে তাঁরা চোরাকারবারি সন্দেহে ওই অটোরিকশার যাত্রী ফেন্সি আখতারের দেহ তল্লাশি করতে চান। এ সময় ফেন্সি আখতার নিজেকে ব্র্যাকের কর্মী পরিচয় দেন। পুলিশ এতে পাত্তা না দিয়ে তাঁর শরীর তল্লাশির চেষ্টা করে হাত ধরে টানাটানি করে। এ নিয়ে বাগিবতণ্ডার সৃষ্টি হলে বাজারের লোকজন এগিয়ে এসে শাহিনুর রহমানকে আটক করে বাজারের একটি স্থানে অবরুদ্ধ করে রাখে।এ খবর পেয়ে কালাই থানার এসআই মোহাম্মদ আলী, এএসআই এরশাদ আলী, কনস্টেবল সোহরাব হোসেন, মামুনুর রশীদ এবং ক্ষেতলাল থানার এসআই আফজাল হোসেন ও নিজাম উদ্দিন, এএসআই আবদুল খালেক, কনস্টেবল ফজলু ও দুলাল ঘটনাস্থলে এসে অবরুদ্ধ পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করার চেষ্টা করেন। এতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে তাঁদের গণপিটুনি দেয়। খবর পেয়ে জয়পুরহাট জেলা পুলিশের এএসপি (সার্কেল) কানাইলাল ঘটনাস্থলে এসে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে উত্তেজিত জনতা শান্ত হয়।