নারী ও অল্প বয়সীরা স্ট্রোকের ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটের পরিচালক কাজী দীন মোহাম্মদ বলেছেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কম বয়স্ক মানুষ স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণে বেশি আক্রান্ত হচ্ছেন। তাই অকালমৃত্যু ঠেকাতে সচেতনতার বিকল্প নেই। গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে একটি বেসরকারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান বক্তা।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও গতকাল ২৯ অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আই অ্যাম উওমেন’। পুরুষের তুলনায় নারীরা অনেক বেশি স্ট্রোকের ঝুঁকিতে থাকেন। বিশ্বে প্রতি পাঁচজন নারীর একজন এবং প্রতি ছয়জনে একজন পুরুষ মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকিতে থাকেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অনিয়মিত হৃৎস্পন্দন, বিষণ্নতা ও স্থূলতা নারীদের ঝুঁকির প্রধান কারণ। এ ছাড়া গর্ভধারণ, প্রসব-পরবর্তী জটিলতা ও হরমোনজনিত রোগের কারণেও নারীরা বেশি ভোগেন। মস্তিষ্কের কোনো অংশে রক্ত চলাচল বন্ধ হলে সাধারণত স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে থাকে। প্রতি ৪৫ সেকেন্ডে বিশ্বের কোথাও না কোথাও একজন আক্রান্ত হচ্ছেন।
অ্যাপোলো হাসপাতালে আয়োজিত সেমিনারে কাজী দীন মোহাম্মদ বলেন, বাংলাদেশে মস্তিষ্কে রক্তক্ষরণে বেশি আক্রান্ত হচ্ছেন অল্প বয়সীরা। তাই রোগটি যে প্রতিরোধযোগ্য—এই বার্তা দেশের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে।
ওই আলোচনায় হাসপাতালটির চিকিৎসক আলিম আক্তার ভূঁইয়া বলেন, চল্লিশের কাছাকাছি বয়স এবং যাঁদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ আছে এবং যাঁরা ধূমপান করেন তাঁদের ঝুঁকি সবচেয়ে বেশি।
বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে রাজধানীর ল্যাবএইড হাসপাতালেও সেমিনারের আয়োজন করা হয়। হাসপাতালটির নিউরোলজি বিভাগের প্রধান পরামর্শক সিরাজুল হক বলেন, জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন নারীদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের প্রধান মনসুর হাবীব, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ঢাকার নিউরোলজি বিভাগের আজহারুল হক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের প্রকল্প পরিচালক বদরুল আলম প্রমুখ। অনুষ্ঠানে আলোচকেরা বলেন, গর্ভকালীন এবং এর আগে ও পরে নারীরা অনেক বেশি স্ট্রোকের ঝুঁকিতে থাকেন। এ সময়টাতেই প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে পর্যাপ্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন স্ট্রোক অ্যাসোসিয়েশন ঝুঁকি এড়াতে এফএএসটি—‘ফাস্ট’ কথাটির ওপর গুরুত্ব দিচ্ছে। সংগঠনটি এ নিয়ে একটি গানও তৈরি করেছে। যেখানে বলা হচ্ছে, স্ট্রোক হলে ‘ফাস্ট’ গানটির কথা মনে রাখতে হবে। এই গানে ‘এফ’ ব্যবহার হচ্ছে ফেস বা মুখ বোঝাতে। বলা হয়েছে, কারও মুখের এক পাশ যদি একটু ঝুলে পড়ে, তাহলে এক মুহূর্তও দেরি করা ঠিক হবে না। গানে ‘এ’ ব্যবহার হয়েছে আর্ম বা বাহু বোঝাতে। স্ট্রোক হলে বাহুতে ব্যথা হবে। ‘এস’ ব্যবহার হচ্ছে স্পিক বা কথা বলার সংক্ষিপ্ত রূপ হিসেবে। স্ট্রোক হলে কথা জড়িয়ে আসবে, বা রোগী কথাই বলতে পারবেন না। আর ‘টি’ হচ্ছে টাইম বোঝাতে। ঠিক এই সময়ে টেলিফোনে সাহায্য চাইতে হবে হাসপাতালে যাওয়ার।
উল্লেখ্য, বিশ্বে যত মানুষ মারা যান, তাঁদের সবচেয়ে বড় অংশের মৃত্যুর কারণ হৃদ্রোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণ।