নারী ও তরুণদের নিরাপদ অনলাইন ব্যবহার নিয়ে ব্র্যাক কর্মীদের প্রশিক্ষণ দেবে মেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল ক্ষেত্রে দক্ষতা অর্জনে বাংলাদেশি নারী ও তরুণদের ক্ষমতায়নের জন্য ব্র্যাকের সঙ্গে কাজ করছে ফেসবুকের বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘মেটা’। এই যৌথ উদ্যোগের অংশ হিসেবে প্রথম পর্যায়ে ব্র্যাকের ১ হাজার সম্মুখ সারির কর্মীকে প্রশিক্ষণ দিতে একটি কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মীরা পরে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির তিন লাখ মানুষকে প্রশিক্ষণ দেবেন।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেটা জানিয়েছে, ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’–এর তরুণ ৬০ জন অ্যাম্বাসেডরকেও প্রশিক্ষণ দেওয়া হবে। যাঁরা পরে নিজেদের কমিউনিটির আরও তরুণদের সচেতন ডিজিটাল নাগরিক হয়ে উঠতে সাহায্য করবেন।

মেটা বলছে, বাংলাদেশের নারী ও তরুণ জনগোষ্ঠীর মধ্যে ইন্টারনেট ব্যবহারের হার অনেক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সাইবারক্রাইম ও অনলাইন হয়রানিও বেড়েছে। ব্র্যাকের সঙ্গে সম্মিলিতভাবে নারী ও তরুণদের অনলাইনে দক্ষ হয়ে উঠতে প্রয়োজনীয় তথ্য ও টুল দিয়ে সাহায্য করবে মেটা।

মেটার বাংলাদেশ সংক্রান্ত পাবলিক পলিসি প্রধান সাবহানাজ রশিদ বলেন, নারী ও তরুণদের অনলাইনে ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে তাঁদের যথাযথ টুল ও জ্ঞান প্রয়োজন। তাই মেটা ও ব্র্যাক একসঙ্গে কাজ করবে।

ব্র্যাকের (বাংলাদেশ) নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, মেটার সঙ্গে এই কার্যক্রমের মাধ্যমে নারী ও তরুণেরা দক্ষ হবে। তাঁদের ডিজিটাল জীবনে এই টুলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইবারবুলিং ও হয়রানির অন্যতম উপায় হলো, সম্মতি ছাড়া অন্তরঙ্গ মুহূর্তের ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া। StopNCII.org প্ল্যাটফর্মটি এ ধরনের ছবি ছড়ানো বন্ধ করতে সাহায্য করছে। এই প্ল্যাটফর্ম চালু করতে সারা বিশ্বে ব্র্যাকসহ ৫০টি বেসরকারি সংস্থার সহযোগিতায় কাজ শুরু করেছে মেটা।

এ ছাড়া অনলাইনে কীভাবে নিরাপদ থাকা যায়, সে বিষয়ে আরও জানা যাবে এই সাইটে