
লিঙ্গ অসমতা দূর করে নারী ও শিশুদের উন্নয়নে পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন শান্তিতে নোবেল বিজয়ী ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী। গতকাল সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আগে একটি সাধারণ ধারণা প্রচলিত ছিল, এনজিওগুলো শুধু শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও শিশুদের নিয়ে কাজ করে। কিন্তু বর্তমানে বাংলাদেশে এই ধারণা বদলেছে।’
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে লিঙ্গ অসমতা দূর করতে বাংলাদেশই সবচেয়ে ভালো সাফল্য দেখিয়েছে বলে মন্তব্য করেছেন কৈলাস সত্যার্থী। এ ছাড়া প্রধানমন্ত্রীর বিভিন্ন লেখনী ও নিবন্ধ বিশেষ করে শিশু ও পথশিশুদের নিয়ে লেখার প্রশংসা করেন এই নোবেল বিজয়ী।
কৈলাস সত্যার্থীর প্রশংসার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে বাংলাদেশে বাধ্যতামূলক করার অগ্রপথিক ছিলেন। আমরা কেবল তাঁর পদাঙ্কই অনুসরণ করছি।’
ফিলিস্তিনি প্রতিনিধিদলের সাক্ষাৎ
ফিলিস্তিনি জনগণের জন্য বাংলাদেশের সরকার ও জনগণের হৃদয়ে সব সময়ই বিশেষ স্থান থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইপিইউ সম্মেলনে যোগদানকারী ফিলিস্তিনের একটি প্রতিনিধিদল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।