কয়েদি মুক্তি নিয়ে নতুন পরিপত্র
নারী ও শিশু নির্যাতন, দুদক আইনে সাজাপ্রাপ্তরা বিশেষ ক্ষমা পাবেন না
নারী ও শিশু নির্যাতন, দণ্ডবিধি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনে সাজাপ্রাপ্ত কোনো কয়েদি সরকারের বিশেষ ক্ষমার আওতায় আসবে না। একাধিক ধারায় দণ্ডিত বা একাধিক মামলায় বিচারাধীন, দণ্ডিত বা দণ্ডের বিরুদ্ধে আপিল চলছে এমন কোনো কয়েদিকেও মুক্তি দেওয়া যাবে না।সম্প্রতি বিশেষ ক্ষমায় মুক্তি পেতে পারে এমন কারাবন্দীদের শ্রেণী নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নতুন পরিপত্র জারি করেছে। এদিকে অক্ষম, অচল, গুরুতর দুরারোগ্য রোগে আক্রান্ত, লঘু অপরাধে দণ্ডিত কয়েদি এবং বিচারাধীন বন্দীদের ঈদসহ বিভিন্ন বিশেষ দিবস উপলক্ষে মুক্তি দেওয়ার জন্য তালিকা তৈরি ও সুপারিশ করতে প্রত্যেক জেলায় জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দীর্ঘদিন ধরে বন্দী কয়েক শ্রেণীর এক হাজার কয়েদিকে বিশেষ ক্ষমায় মুক্তি দেওয়ার নির্দেশ দেন। এ ব্যাপারে ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে।নতুন পরিপত্র অনুযায়ী সেনা আইন, বিমান বাহিনী আইন ও নৌবাহিনী অর্ডিন্যান্সের আওতায় দণ্ডপ্রাপ্ত কোনো কয়েদি, কোনো অপরাধে দ্বিতীয়বার দণ্ডপ্রাপ্ত কয়েদি এবং ১৯৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৫৬৫ ধারার শর্ত বা বিধি লঙ্ঘনের জন্য সাজা পাওয়া কয়েদিদের মুক্তির সুপারিশ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। বিশেষ ক্ষমা পেতে পারেন যাঁরা যাবজ্জীবন ছাড়া যেকোনো মেয়াদের জন্য কারাদণ্ডে দণ্ডিত কয়েদি যিনি মোট সাজার অর্ধেক খেটেছেন বা অর্জিত রেয়াত বিবেচনায় গ্রহণ করলে অর্ধেক মেয়াদ খেটে ফেলেছেন এমন কয়েদি বিশেষ ক্ষমার জন্য বিবেচিত হবেন। অচল, অক্ষম, দৃষ্টিশক্তি নষ্ট বা প্রায় অকেজো, দুরারোগ্য মরণ ব্যাধিতে আক্রান্ত—এমন অবস্থার শিকার কয়েদি অপরাধ ও শর্ত নির্বিশেষে মুক্তির জন্য সুপারিশযোগ্য হবেন। নির্দিষ্ট কিছু শ্রেণীর আসামির ক্ষেত্রে ১৯৮৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারার আওতায় মামলা প্রত্যাহারসহ বিভিন্ন প্রক্রিয়ায় সরকার বিচারাধীন আসামি মুক্তি দিতে পারে। সুপারিশের জন্য কমিটিবন্দী মুক্তির সুপারিশের জন্য কমিটিতে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সিভিল সার্জন, পাবলিক প্রসিকিউটর/মহানগর পাবলিক প্রসিকিউটর, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ও জেলা সুপার থাকবেন। এ কমিটি প্রতি তিন মাসে সভা করবে এবং কারাগারে আটক হাজতি ও বিচারাধীন বন্দীদের মধ্যে পরিপত্রে উল্লেখ করা সুবিধা পাওয়ার যোগ্য ব্যক্তিদের খোঁজ করবে। তালিকা তৈরি ও প্রতিবেদন পেশএ পরিপত্র অনুযায়ী স্বাধীনতা ও জাতীয় দিবস, বিজয় দিবস এবং দুই ঈদ উপলক্ষে বন্দী মুক্তি দেওয়ার লক্ষ্যে দিবসের অন্তত এক মাস আগে কমিটির সব সদস্যের সই করা মুক্তিযোগ্য বন্দীদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (কারা শাখা) কায়কোবাদ প্রথম আলোকে জানান, এ কমিটি ফৌজদারি অপরাধে দণ্ড ভোগরত কয়েদি ও বিচারাধীন আটক বন্দীদের মধ্যে থেকে মুক্তিযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করে সরকারের কাছে দেবে। দেশের ৬৮টি কারাগারের ধারণক্ষমতা ২৩ হাজার হলেও বর্তমানে কয়েদি ও হাজতির সংখ্যা ৭৩ হাজার। অতিরিক্ত ভিড় কমানোসহ বিভিন্ন উদ্দেশ্যে নিয়মিত দীর্ঘদিন ধরে বন্দী, গুরুতর অসুস্থ ও বৃদ্ধ কয়েদিদের মুক্তি দেওয়ার কথা থাকলেও বেশ কিছু দিন এ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ইতিমধ্যে বিশেষ ক্ষমায় মুক্তি দেওয়ার জন্য ৪০০ কয়েদির একটি তালিকা তৈরি করা হয়েছিল। প্রধানমন্ত্রী এক হাজার বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়ায় উপযুক্ত বাকি ৬০০ কয়েদির তালিকা তৈরির উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ।এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ সভা শেষে মহানগরের পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, সরকারের বিশেষ সুবিধায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়া এক হাজার বন্দীকে পুলিশি নজরদারির মধ্যে রাখা হবে। তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানায় জানানো হবে।