নারী ও শিশু নির্যাতন কমছে না
দেশে আইন থাকলেও কোনোভাবেই নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন কমছে না। বরং দিন দিন নির্যাতনের ধরন, মাত্রা ও ভয়াবহতা বাড়ছে। নির্যাতন কেন বাড়ছে—এ বিষয়ে গবেষণা দরকার। পাশাপাশি, আইনি সহায়তা সংস্থাগুলোরও লোকবল এবং অবকাঠামো বাড়ানো প্রয়োজন।
আজ বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৬ উপলক্ষে আয়োজিত প্রশাসন ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভায় বিশিষ্টজনেরা এসব কথা বলেন। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে নিজ কার্যালয়ে এর আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ।
সভায় আলোচকেরা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এখন কেবল দেশের নয়, বৈশ্বিক সমস্যা। ঘরে-বাইরে-কর্মস্থলে—সব জায়গায় তারা সহিংসতার শিকার হচ্ছেন। স্বামী, নিকট আত্মীয় বা প্রিয়জনের হাতেও তাঁরা নিগৃহীত হচ্ছেন। সাইবার ক্রাইমেরও শিকার হচ্ছেন তারা। আর দিন দিন নির্যাতনের হার বাড়ছেই।
লিখিত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চার হাজারেরও বেশি নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনাও বেড়েছে। এ সময়কালে ধর্ষণের শিকার হয়েছে এক হাজার জনের কাছাকাছি। গণধর্ষণের শিকার হয়েছে ১৩৪ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩১ জনকে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘কোনো সহিংসতা হলেই আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে ছুটি। কিন্তু আক্রান্তদের তারা যথাযথ সহায়তা দিতে পারছে না। বিশেষ করে ভিকটিম সাপোর্ট সেন্টারগুলোতে সার্বক্ষণিক সহায়তা দেওয়ার লোকবল ও অবকাঠামো নেই। এ জন্য তাদের সহায়তা করা দরকার।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপপুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন বলেন, তবে শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, ব্যক্তিগত পর্যায় থেকে সহিংসতা প্রতিরোধের উদ্যোগ দরকার।
সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মালিক আবদুল্লাহ আল আমিন বলেন, তাদের সংস্থার হটলাইন নম্বর হলো ১৬৪৩০। এই নম্বরে ফোন করে যে কেউ আইনগত পরামর্শ এবং সহায়তা নিতে পারেন। বেসরকারি সংগঠনগুলোকে গ্রাম পর্যায়ে তাদের কার্যক্রম আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি।
সভায় প্রশাসনের কর্তাব্যক্তি, বিভিন্ন বেসরকারি সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।