নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীদের উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয়ের পরামর্শ নিয়ে আগামী রোববার একটি প্রস্তাব তৈরি করে চলতি মাসেই তা মন্ত্রিপরিষদের বৈঠকে উত্থাপন করা হবে। গতকাল বুধবার মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব পর্যায়ের আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এ সম্পর্কে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছাত্রীদের উত্ত্যক্তকারীদের বিচারের সিদ্ধান্ত নিয়েছে। এতে অনেকাংশে এ ঘটনা কমে আসবে। তবে এ ক্ষেত্রে আইনের বিধান থাকা জরুরি। সে কারণে ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিছু ধারা প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, রোববারের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় এ ব্যাপারে তাদের স্পষ্ট মতামত পাঠাবে। মতামত পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রণালয় সূত্র জানায়, উত্ত্যক্ত করা বা যৌন হয়রানিসংক্রান্ত নতুন করে আইন করা সময়সাপেক্ষ। এ জন্য বিদ্যমান ২০০৩ (সংশোধিত) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধারা প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র জানায়, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০(২) ধারায় ইভ টিজিং বা যৌন হয়রানির ব্যাখ্যা এবং শাস্তির বিষয়টি উল্লেখ থাকলেও ২০০৩ সালে এ আইনটি সংশোধন করে ধারাটি বাদ দেওয়া হয়। এ ধারায় বলা হয়েছিল, ‘কোন পুরুষ অবৈধভাবে তাহার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে কোন নারীর শ্লীলতাহানি করলে বা অশোভন অঙ্গভঙ্গি করলে তার এই কাজ হবে যৌন হয়রানি এবং তার জন্য উক্ত পুরুষ অনধিক সাত বৎসর কিন্তু অন্যূন দুই বৎসর সশ্রম কারাদণ্ডে ও অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।’সূত্রমতে, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবারের সংশোধনীতে এই বিধান প্রতিস্থাপন করার উদ্যোগ নিয়েছে। এ ধারায় শাস্তির মেয়াদ রাখা হবে সাত থেকে দশ বছর। এ ছাড়া ইভ টিজিং বা উত্ত্যক্ত করার প্রকৃত সংজ্ঞা রাখা হবে। শ্লীলতাহানির ব্যাপারেও স্পষ্ট ব্যাখ্যা থাকবে।এ ব্যাপারে আইন কমিশন জানায়, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিছু ধারায় ত্রুটি-বিচ্যুতি ও অস্পষ্টতা থাকায় বেশির ভাগ মামলায় আসামিরা খালাস পেয়ে যাচ্ছে এবং নির্যাতিতরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। এ আইনের অপপ্রয়োগের ফলে দিন দিন মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের সংখ্যা বাড়ছে। তাই এ আইনটিতে সংশোধন ও সংযোজন আনা প্রয়োজন।বৈঠকে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, আইনসচিব শহিদুল হক, মহিলা ও শিশুবিষয়ক সচিব তারিক উল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব, যুগ্ম সচিব উপস্থিত ছিলেন।