নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরের বিচার
নওগাঁয় ধর্ষণ মামলায় অভিযুক্ত ১৫ বছরের এক কিশোরের বিচার শিশু আদালতের বদলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলছে। শুনানির সময় ওই কিশোরকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়।
কিশোরের আইনজীবী কেরামউদ্দীন বলছেন, ধর্ষণের এ মামলাটি শিশু আদালতে দেওয়ার জন্য তিনি একাধিকবার আবেদন করেছেন। কিন্তু তা নাকচ করা হয়েছে। তাকে জামিনও দেওয়া হচ্ছে না।
তবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) মকবুল হোসেন বলেন, ধর্ষণ মামলাটি হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। এই মামলা ট্রাইব্যুনাল পরিচালিত হতে কোনো বাধা নেই।
জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, অভিযুক্ত শিশু হলে তার বিচার শিশু আইনে ও শিশু আদালতে হওয়া উচিত। সরকারি কৌঁসুলি হয়তো ভুল করছেন। কিছুদিন আগে একটি শিশুর বিচার নারী ও শিশু নির্যাতন দমন আইনে হওয়ায় হাইকোর্ট ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছেন। যেহেতু পিপি রাষ্ট্রের আইনজীবী, তাই সঠিক আইনে তার বিচার হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব তাঁর।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৪ মে সাপাহার উপজেলার এক কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। এ ঘটনায় ওই বছরের ১৬ আগস্ট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে অভিযুক্ত ব্যক্তির বয়স ১৫ বছর হওয়ায় মামলাটি শিশু আদালতে পাঠানোর আরজি জানানো হয়।
কেরামউদ্দীন বলেন, অভিযোগপত্র দাখিলের পর আট মাস পার হয়ে গেছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটির শুনানি চলছে। শুনানির প্রথম কার্যদিবসেই মামলাটি শিশু-কিশোর আদালতে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে। জামিন আবেদনও করা হয়েছে একাধিকবার। কিন্তু আদালত এই আবেদন প্রতিবার নামঞ্জুর করেছেন। অথচ এই মামলা শিশু আদালত ছাড়া অন্য আদালতে পরিচালিত হতে পারে না।
কিশোরের বাবা বলেন, তাঁর ছেলেকে সম্প্রতি যশোর শিশু শোধনাগার থেকে নওগাঁ জেলা কারাগারে নিয়ে আসা হয়েছে। এই কয়েক দিন তাকে জেলা কারাগারে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়েছে। সেখান থেকে তাকে হাতকড়া পরিয়ে আদালতে নিয়ে আসা হয়।
২৫ মে এই মামলার শুনানির দিন ধার্য ছিল। এ সময় আদালতের হাজতখানায় গিয়ে দেখা যায়, ওই কিশোরকে অন্য আসামিদের সঙ্গে হাজতখানার বারান্দায় হাতকড়া পরিয়ে রাখা হয়েছে।
আইনজীবী কেরামউদ্দীন বলেন, প্রত্যেক শুনানির সময় শিশুটিকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়। অথচ ২০১৩ সালের শিশু আইন অনুযায়ী গ্রেপ্তার করার পর কোনো শিশুকে হাতকড়া বা কোমরে দড়ি পরানো যাবে না। তাকে অন্য আসামিদের সঙ্গে না রেখে আলাদা পরিবেশে রাখতে হবে।
এ ব্যাপারে আদালতের পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমার চোখে পড়েনি। কোনো শিশুকে তো হাতকড়া পরানো অবস্থায় রাখার কথা নয়। তারপরেও এত আসামির চাপ, অনেক সময় নিরাপত্তার জন্য হয়তো এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।’
বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বলেন, আইন অনুযায়ী ১৮ বছরের নিচে কাউকে শিশু হিসেবে গণ্য করতে হবে। হাইকোর্টের রায় এবং শিশু আইন অনুযায়ী তার বিচার শিশু আদালতে হতে হবে। আর শিশুকে হাতকড়া পরিয়ে আদালতে নিয়ে আসা বিরাট অন্যায়। এ জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিচার হওয়া উচিত।