চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলা মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক শুনানিতে মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত মামলা স্থানান্তরের আদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, তরুণীকে ধর্ষণের মামলায় পুলিশ গত রোববার বাসচালক দিপু মিয়া ও তাঁর সহকারী কাসেম মিয়ার বিরুদ্ধে মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতের নির্দেশে গতকাল এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে দিপু মিয়া ও কাসেম মিয়ার উপস্থিতিতে গতকাল মামলার শুনানি হয়। শুনানি শেষে বিচারক মো. মুজাহিদ-উল ইসলাম মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দেন।বাদীপক্ষের আইনজীবী মনোয়ারা বেগম বলেন, এই মামলার পরবর্তী শুনানি ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গত ২৪ জানুয়ারি মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে পোশাকশ্রমিক ওই তরুণী (১৮) ধর্ষণের শিকার হন। ওই রাতেই তরুণী নিজে বাদী হয়ে দিপু ও কাসেমকে আসামি করে নারী ও শিশু নির্যানত দমন আইনে সদর থানায় মামলা করেন। গ্রেপ্তার হওয়ার পর দিপু ও কাসেম দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।