নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ)। আজ বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় ফোরামের প্রতিনিধিরা।

আয়োজকেরা বলেন, নারীদের সুরক্ষায় দেশে নানা রকম আইন থাকলেও তা কোনো কাজে আসছে না। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের আগস্ট পর্যন্ত বিভিন্ন বয়সের নারীদের ধর্ষণের সংখ্যা ৪৪২। এর মধ্যে গণধর্ষণের সংখ্যা ১২২ এবং ৭ থেকে ১২ বছর বয়সের ১০৭ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। প্রেমের বা বিয়ের প্রস্তাবে রাজি না হলে নারীকে ধর্ষণ করা হচ্ছে। ছুড়ে মারা হচ্ছে অ্যাসিড। ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না ছোট শিশুরাও। মুঠোফোনে ধর্ষণের ছবি তুলে বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ধর্ষিত নারীকে পুনরায় সামাজিকভাবে শাস্তি দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান করায় নজিরবিহীন সহিংসতার শিকার হন খাদিজা, নিহত হন রিশা, আফসানাসহ আরও নাম ভুলে যাওয়া অনেকে। এই মুহূর্তে আমাদের করণীয় সব শ্রেণি-পেশার মানুষ একত্র হয়ে এর প্রতিবাদ জানানো ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা।

মানববন্ধনে চারটি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো—অবিলম্বে দেশজুড়ে অব্যাহত নারী ও শিশু নির্যাতন বন্ধ করা, তনু, সুরাইয়া, আফসানা ও রিশা হত্যা; খাদিজার ওপর বর্বরোচিত হামলা এবং সর্বশেষ পূজায় গণধর্ষণের দ্রুত বিচার, প্রশাসনের ভূমিকা জোরদার এবং নারী অধিকারমূলক প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের সংহতি প্রকাশ করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাকশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার নুরুন নাহার বেগম ও জান্নাতুল মোজদালিফা, সবুজের অভিযান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের প্রোগ্রাম অফিসার হাবিবা নওরোজ, প্রজেক্ট কো-অর্ডিনেটর সরকার হেলাল উজজামান।