নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে সারা দেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতন, হত্যা ও ধর্ষণ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় শহীদ মিনারের সামনে যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে উত্তরণ খেলাঘর আসর, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদ।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. মাসুক মিয়া। ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি প্রশান্ত দেবের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, উত্তরণ খেলাঘর আসরের সভাপতি মো. শাহাদাৎ হোসাইন, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সাধারণ সম্পাদক আবদুল হাফিজ চৌধুরী, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক মনশ্রী দেব জুঁই প্রমুখ।

বক্তারা বলেন, দেশে যেভাবে নারী ও শিশু নির্যাতন বাড়ছে তাতে কেউ কোথাও নিরাপদ নেই। অবিলম্বে এগুলো বন্ধের কার্যকরী উদ্যোগ সরকারকেই নিতে হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।