নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যারা নারী ও শিশু নির্যাতন করে, তারা মানুষ নয়। পশুর চেয়েও নিকৃষ্ট তারা। শুধু আইন দিয়ে নয়, সমাজের সবাইকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বক্তারা বলেন, সমাজে আজও নারীরা সব ক্ষেত্রে পুরুষের মতো অধিকার পায় না। অধিকার আদায়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে নারীদের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভার সভাপতি এবং ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সুমন গাঙ্গুলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লাইলুন নাহার, বন্ধুসভার সদস্য রফিক আহমেদ, ওমর ফারুক, মাইনুল হাসান, মাহফুজা পাপড়ি, লিপিকা দাশ, রুমেন চাকমা, মো. কায়কোবাদ, রাজীব কুমার বিশ্বাস প্রমুখ।