নারী ও শিশু নির্যাতন বরদাশত করবে না মহিলা পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেছেন, এ দেশের নারী আন্দোলন কোনো ধরনের নারী নির্যাতন, শিশু নির্যাতন বরদাশত করবে না। তিনি চলমান জাতীয় সংসদের অধিবেশনে নারী এবং শিশু নির্যাতনের ঘটনাটাকে গুরুত্ব দিয়ে আলোচনায় আনা এবং শিশুদের জন্য আলাদা মন্ত্রণালয় করার পরামর্শ দেন। 

আজ মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে শিশু-নারী নির্যাতনের লোমহর্ষক ও পাশবিক ঘটনা বৃদ্ধি পাওয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মহিলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আয়শা খানম বলেন, গত দুই মাস ধরে নারী ও শিশু নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে তা অত্যন্ত উদ্বেগজনক। ছয় বছরের কন্যাশিশু ধর্ষণের হাত থেকে রেহাই পায় না। সমাজের বিবেক যদি জাগ্রত না হয়, পরিবার যদি অভয়াশ্রম না হয়, তরুণ সমাজ যদি রুখে না দাঁড়ায় তাহলে সমাজে এই ধরনের ঘটনার কোনো প্রতিকার হবে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের জ্যেষ্ঠ আইনজীবী দীপ্তি রানী সিকদার। এতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে যে আইনগুলো আছে সেগুলো বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে টিভি স্পটসহ বিভিন্নভাবে প্রচারের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের অন্যতম সহসভাপতি নাহার আহমেদ, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম-সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, সহসাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম, কেন্দ্রীয় লিগ্যাল এইডের ভারপ্রাপ্ত সম্পাদক আফিফা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।