নারী ও শিশু নির্যাতন বিশেষ বিধান আইনের ৬(২) ধারা অসাংবিধানিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ করে হত্যার শাস্তি শুধু মৃত্যুদণ্ড—১৯৯৫ সালের নারী ও শিশু নির্যাতন বিশেষ বিধান আইনের ৬(২) ধারা অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি মানিকগঞ্জের শুকুর আলী ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি শেখ আবদুল আউয়ালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন।ইতিপূর্বে আপিল বিভাগ শুকুর আলীর মৃত্যুদণ্ড বহাল রাখায় গতকালের রায়ে আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করেননি। তবে গতকালের রায়ের বিষয়ে আপিল করার জন্য রিট আবেদনকারী পক্ষকে সনদ দিয়ে শুকুর আলীর মৃত্যুদণ্ড কার্যকর দুই মাসের জন্য স্থগিত করেছেন। শুকুর আলী ও ব্লাস্টের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী ও রুহুল কুদ্দুস এবং সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন মামলাটি পরিচালনা করেন।১৯৯৫ সালের নারী ও শিশু নির্যাতন বিশেষ বিধান আইনের ৬(২) ধারায় ধর্ষণ করে হত্যা ঘটানোয় কেবল মৃত্যুদণ্ডের বিধান ছিল। তবে ২০০০ সালের ১৪ ফেব্রুয়ারি আইনটি রহিত করা হয়। নতুন নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারায় ধর্ষণ করে হত্যার ক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়। এতে পুরোনো অপরাধের ক্ষেত্রে পুরোনো আইনের প্রয়োগ হবে বলেও বলা হয়।জানতে চাইলে আইনজীবী তানজীব উল আলম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ে শুকুর আলী সুবিধা পাবেন না। গতকালের রায়ে তাঁর দণ্ডের ক্ষেত্রে হস্তক্ষেপ করা হয়নি। কারণ আপিল বিভাগ ইতিপূর্বে তাঁর দণ্ড বহাল রেখেছেন। তবে আগের আইনে বিচারাধীন অন্য অপরাধীরা গতকালের রায় থেকে সুবিধা পেতে পারেন। এ ক্ষেত্রে যদি আদালত কোনো পর্যবেক্ষণ দেন, তাহলে ভিন্ন কথা।জানা যায়, ১৯৯৬ সালের ১১ জুন মানিকগঞ্জের শিবালয় থানার শিবরামপুর গ্রামের শুকুর আলী (১৪) শিশু সুমিকে (৭) ধর্ষণ করে হত্যা করে। ২০০১ সালের ১২ জুলাই নিম্ন আদালত শুকুর আলীকে মৃত্যুদণ্ড দেন। ২০০৪ সালের ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে ২০০৫ সালের ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন। আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করলে ওই বছরের ৪ মে আপিল বিভাগ তাও খারিজ করে দেন।এ প্রেক্ষাপটে ২০০৫ সালের ডিসেম্বরে শুকুর আলী ও ব্লাস্ট নারী ও শিশু নির্যাতন বিশেষ বিধান আইনের সংশ্লিষ্ট ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে আদালত রুল জারি ও দণ্ড কার্যকর স্থগিত করেন। রুলের ওপর উভয় পক্ষের শুনানি গ্রহণের পর গতকাল আদালত এ রায় দেন। রিট আবেদনকারী পক্ষের আইনজীবী রুহুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, হাইকোর্টের এ রায় ঐতিহাসিক। শুধু মৃত্যুদণ্ডের বিধান রেখে কোনো আইন করা যাবে না।