নারী ও শিশু নির্যাতন বেড়েছে, মহিলা পরিষদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে চলতি বছরের জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত নারী নির্যাতনের ঘটনায় প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর ১১৪টি, স্বরাষ্ট্র মন্ত্রীকে ১৩৯টি, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে ১০টিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাবর মোট ১ হাজার ৭৩৬টি চিঠি পাঠানো হয়েছে। এসব চিঠির উত্তরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩টি (২৭টি চিঠির উত্তর একসঙ্গে), জেলা প্রশাসকদের কাছ থেকে ১০টি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাছ থেকে দুটি চিঠিসহ মাত্র ১৬টি চিঠি পেয়েছে মহিলা পরিষদ। এসব চিঠিতে নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলো ঘটার পর কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা মহিলা পরিষদকে জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। শিশু ও নারী নির্যাতনের রোমহর্ষক ও পাশবিক ঘটনা বৃদ্ধি পাওয়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান উল্লেখ করে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে মোট নির্যাতনের শিকার হয়েছেন ২ হাজার ৪৪৭ জন নারী। এর মধ্যে শুধু ধর্ষণের ঘটনা ঘটেছে ৫৭৫টি এবং গণধর্ষণের শিকার হয়েছেন ১১৪ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৫১ জনকে। যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ১১৬ জনকে। এ ছাড়া বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে ৩৯৮ জন নারী ও শিশুকে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য উল্লেখ করে জানানো হয়, চলতি বছরের সাত মাসেই শিশু হত্যার সংখ্যাটি দাঁড়িয়েছে ১৯১ জনে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, দুই মাস ধরে নারী ও শিশু নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। ছয় বছরের কন্যাশিশু ধর্ষণের হাত থেকে রেহাই পায় না। সমাজের বিবেক যদি জাগ্রত না হয়, পরিবার যদি অভয়াশ্রম না হয়, তরুণ সমাজ যদি রুখে না দাঁড়ায়, তাহলে সমাজে এ ধরনের ঘটনার কোনো প্রতিকার হবে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের জ্যেষ্ঠ আইনজীবী দীপ্তি রানী সিকদার। এতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে যে আইনগুলো আছে, সেগুলো বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে টিভি স্পটসহ বিভিন্নভাবে প্রচারের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়।