
নারী ও শিশু নির্যাতন মামলা প্রসঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘৪১টি নারী ও শিশু নির্যাতন দমন আদালত ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। ফলে আরও অধিক হারে মামলা নিষ্পত্তি হবে বলে আমি আশাবাদী। তবে শুধু মামলা দায়ের এবং নিষ্পত্তি নয়, মামলার গুণাগুণের ভিত্তিতে নিষ্পত্তি প্রয়োজন। সে জন্য দরকার সঠিক তদন্ত, পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ, উদ্ঘাটন, সঠিক ডাক্তারি পরীক্ষা এবং মামলার সংশ্লিষ্ট সবার সহযোগিতামূলক মনোভাব।’
আজ সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এসব কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ন্যায়বিচার প্রাপ্তিবিষয়ক’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, এ বছরের মার্চের হিসাব অনুযায়ী, সারা দেশে বিচারাধীন নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৩৮২টি। ২০১৭ সালে দায়ের হয়েছে ৫০ হাজার ৩৩২টি মামলা এবং নিষ্পত্তি হয়েছে ৩৯ হাজার ৬৬৪টি মামলা। তিনি আরও বলেন, ‘এরই সঙ্গে মিথ্যা মামলায় যেন অযথা হয়রানি না হয়, সেদিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। প্রকৃত আসামি নয় এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় এবং বৃদ্ধ পিতামাতা, ভাইবোন বা আত্মীয়স্বজনকে মামলায় জড়িত করার প্রবণতা পরিহার করতে হবে।’
বাংলাদেশ মহিলা পরিষদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, আইন প্রণয়নে মহিলা পরিষদের ভূমিকা অনস্বীকার্য। বিবাহবিচ্ছেদ, যৌতুক বহুবিবাহ, মোহরানা প্রদান ইত্যাদি সমস্যা সমাধানে তারা কাজ করে যাচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে নারীর উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষাক্ষেত্র ও কর্মক্ষেত্রে নারীর সাফল্য ও অগ্রগতি ইতিবাচক। তারপরও নারী নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। নির্যাতিতদের কেউ কেউ আইনের আশ্রয় নিয়ে পারিবারিক ও সমাজের প্রভাবের কারণে আইনের আশ্রয় থেকে বিরত থাকছে।
সভায় বিশেষ অতিথি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, সংবিধানে নারীর অধিকার রক্ষার জন্য প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সামাজিক বাস্তবতায় নারীর অধিকার নিশ্চিত হতে পারে নারীর ক্ষমতায়নের মধ্য দিয়ে। তিনি বলেন, সব ক্ষেত্রেই নারীর ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে ন্যায়বিচার নিশ্চিত করার চ্যালেঞ্জগুলো হচ্ছে সাক্ষী উপস্থাপন না করতে পারা, সময়মতো মামলা শেষ করতে না পারাসহ আরও কিছু জটিলতা। সাত থেকে আট বছর হয়ে যায় অথচ একটি ধর্ষণ মামলার নিষ্পত্তি হয় না। নারী ও শিশু নারী ও শিশু নির্যাতন মামলায় স্বাস্থ্য, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে সমন্বিত মনিটরিং টিম করার ওপর জোর দেন তিনি।
ধর্ষণের ঘটনার পর দ্রুত বিচারের তাগিদ দিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ধর্ষণের মামলাগুলো বিচার অন্য মামলার বিচারের সঙ্গে হয় বলে দেরি হয়। কিছু ধর্ষণের মামলাকে নজরদারি করে দ্রুত বিচার করা উচিত। তাতে করে দ্রুত সমাধান হবে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের সাধারণ সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মো. জাফরোল হাছান প্রমুখ বক্তব্য দেন।