নারী ও শিশু রক্তস্বল্পতায় বেশি ভুগছে
দেশের শিশু ও নারীদের একটি বড় অংশ প্রয়োজনীয় লৌহ ও ফলিক অ্যাসিড পায় না। এই কারণে ২৬ শতাংশ নারী রক্তস্বল্পতায় ভুগছে। বিভিন্ন বয়সের শিশুদের মধ্যেও রক্তস্বল্পতার হার অনেক বেশি। রক্তস্বল্পতা দেশে এখনো জনস্বাস্থ্য সমস্যা।
জাতীয় অনুপুষ্টি-উপাদান (মাইক্রোনিউট্রিয়েন্ট) জরিপে এই তথ্য মিলেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে লৌহ ও ফলিক অ্যাসিড স্বল্পতা দূরীকরণে কৌশলপত্র তৈরির কর্মশালায় জরিপের এই তথ্য উপস্থাপন করা হয়। সরকারের জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান এবং কানাডাভিত্তিক মাইক্রোনিউট্রিয়েন্ট ইনিশিয়েটিভ এই কর্মশালার আয়োজন করে।
জরিপে দেখা গেছে, ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৩ শতাংশ শিশু রক্তস্বল্পতায় ভুগছে। ৬ থেকে ১১ বছর বয়সী এবং ১২ থেকে ১৪ বছর বয়সীদের মধ্যে এই হার যথাক্রমে ১৯ ও ১৭ শতাংশ। গ্রামের সব বয়সী শিশু ও নারীর মধ্যে রক্তস্বল্পতার হার শহরের চেয়ে বেশি।
জাতীয় এই জরিপের ফলাফল উপস্থাপন করেন আইসিডিডিআরবির পুষ্টি ও খাদ্যনিরাপত্তা বিভাগের পরিচালক অধ্যাপক তাহমিদ আহমেদ। তিনি বলেন, জরিপে ১৫ থেকে ৪৯ বছর বয়সী চার হাজার ৫০ জন নারীর এবং তিন হাজার ৩০০ শিশুর রক্তের নমুনা পরীক্ষা করা হয়।
অনুষ্ঠানে বলা হয়, মূলত লৌহ, ফলিক অ্যাসিড, ভিটামিন এ এবং দস্তা (জিংক) যৌথভাবে রক্তে প্রয়োজনীয় হিমোগ্লোবিন তৈরি করে। পর্যাপ্ত লৌহ ও ফলিক অ্যাসিড গ্রহণ না করলে ভিটামিন এ যথাযথ কাজে লাগে না। তাহমিদ আহমেদ বলেন, ফলিক অ্যাসিডের স্বল্পতার কারণে গর্ভকালীন জটিলতা দেখা দিতে পারে। এর অভাবে মানুষের আচরণগত সমস্যাও দেখা দেয়।
জরিপে দেখা গেছে, শিশু ও নারীদের লৌহ ও ফলিক অ্যাসিডের ৯২ শতাংশের উৎস ফলমূল ও শাকসবজি। ৮ শতাংশ আসে প্রাণিজ উৎস থেকে। বস্তির শিশুদের মধ্যে রক্তস্বল্পতার হার অনেক বেশি। দেশের যেসব এলাকায় পানিতে লৌহের পরিমাণ বেশি, সেখানে শিশুদের মধ্যে লৌহের স্বল্পতাজনিত সমস্যা কম।
জাতীয় পুষ্টি সেবা কর্মসূচি ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, দেশে রক্তস্বল্পতা এখন জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। গত দুই বছরে সারা দেশে ৩৩ কোটি আয়রন ফলিক অ্যাসিড বড়ি সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, রক্তস্বল্পতা দূর করার জন্য সাতক্ষীরা ও নরসিংদী জেলায় দিশারী প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ওই প্রকল্প সফল হলে সারা দেশের জন্য তা হাতে নেওয়া হবে।