নারী ও শিশু হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড
নোয়াখালীতে এক নারী ও শিশুকে হত্যার দায়ে আদালত দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ গতকাল রোববার বিকেলে এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোরশেদ আলম (৩৭) ও তাঁর সহযোগী মামাতো ভাই রুবেল (২৭)। রায় ঘোষণার সময় রুবেল আদালতে উপস্থিত ছিলেন। একই আদেশে আদালত আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
আদালত সূত্রে জানা গেছে, মোরশেদ আলম ২০০৯ সালের ২৪ আগস্ট রাত ১১টার দিকে নোয়াখালী শহরের একটি হাসপাতালে অসুস্থ শিশু আপনকে (৩) ভর্তি করেন। রাতে মোরশেদ ও তাঁর স্ত্রী রুমা আক্তার (৩০) হাসপাতালে ছিলেন। পরের দিন সকালে হাসপাতালের কক্ষের ভেতরে কোনো সাড়াশব্দ না পেয়ে কর্তৃপক্ষ বিকল্প চাবি দিয়ে দরজা খোলে। সেখানে রুমা ও আপনের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় হাসপাতালের মালিক আবদুল হাই বাদী হয়ে সুধারাম থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার নয় দিন পর পুলিশ মোরশেদ আলমকে গ্রেপ্তার করে। মোরশেদ আদালতে দেওয়া স্বীকারোক্তিতে বলেন, তাঁর বাড়ি লক্ষ্মীপুর জেলায়। রুমাকে বিয়ে করার কথা গোপন রেখে তিনি এক পুলিশ কর্মকর্তার মেয়েকে বিয়ে করেন। রুমা ঢাকায় থাকতেন। কিন্তু আপন অসুস্থ হলে রুমা লক্ষ্মীপুর যান। মোরশেদ ছেলেকে চিকিৎসা করানোর কথা বলে নোয়াখালীর গুডহিল হসপিটালে ভর্তি করেন। রাতে মামাতো ভাই রুবেলের সহায়তায় স্ত্রী ও ছেলেকে শ্বাসরোধে হত্যা করেন।
পরে ঢাকা থেকে পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে। কিন্তু মোরশেদ আলম পুলিশি হেফাজত থেকে পালিয়ে যান।
তদন্ত শেষে পুলিশ ২০০৯ সালের ১০ অক্টোবর আদালতে মোরশেদ ও রুবেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানির পর আদালত গতকাল রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি ছিলেন এ টি এম মহিব উল্যাহ।