নারী ও শিশুদের দুর্ভোগ বেশি
‘বাবা মারা গেছেন তিন বছর আগে। ঘরে মা, ছোট তিন ভাই ও এক বোন। আত্মীয়ের কাছ থেকে পাওয়া একটি সেলাই মেশিন চালিয়ে চলত সংসার আর ছোট ভাইবোনের লেখাপড়া। টর্নেডো ঘরবাড়ির সঙ্গে আমার সেলাই মেশিনটাও উড়াইয়া নিয়া গেছে। কয় দিন আগে সেনাবাহিনীর সদস্যরা তাঁবু টানাইয়া দিছে। রাতে তাতে থাকতে পারি। তবে বাড়তি কাপড় নাই। তার ওপর গোসল করব এমন পরিবেশও নাই। নাই বাথরুম, টিউবওয়েল।’এভাবেই কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার টর্নেডো-দুর্গত ভাতশালা গ্রামের তরুণী মিনারা বেগম। তাঁর মতো দুর্গত এলাকার কয়েক হাজার নারীর দুর্ভোগই বেশি। শিশুরাও আছে অনেক কষ্টে। এর মধ্যে যে শিশুরা কথা বলতে ও বুঝতে পারে, তারা জোরে শব্দ হলেই ভয়ে আঁতকে উঠছে। অপরিচ্ছন্ন পরিবেশ, খরা ও অনিয়মিত খাবারের কারণে অসুস্থ হয়ে পড়েছে অনেক শিশু।ভাতশালা গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী রূপালী বেগম টর্নেডোর আঘাতের সাত দিন পরও স্বাভাবিক হতে পারেনি। ঘটনার দিন রূপালী চিনাইর বাজারে গিয়েছিল। টর্নেডোর সময় বাজারের একটি দোকানে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচে সে।জারুলতলা গ্রামের ফালু মিয়া টর্নেডোর আঘাতে নিজের বাড়িতেই মারা গেছেন। তাঁর নয় বছরের ছেলে মহিন এখনো ঢাকায় চিকিৎসাধীন। স্ত্রী শেফালী আক্তার তিন বছরের মেয়ে মুকছানাকে নিয়ে থাকেন তাঁবুতে। শেফালী আক্তার জানান, তাঁদের সহায় বলতে ভিটেটাই। স্বামীর চানাচুর বিক্রির আয় থেকে চলত সংসার। ‘এখন আয়ের পথ নাই, ঘর নাই। ছেলেমেয়ের কী হবে?’ এটুকু বলেই তাঁর দুই চোখ বেয়ে অশ্রুধারা নামে। একই গ্রামের মারুফা বেগম বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তাঁর সঙ্গে ছিল পাঁচ মাসের শিশুসন্তান হাসানও। মারুফা এখনো পুরোপুরি সুস্থ হননি। তাঁর স্বামী কৃষক। সাত দিন ধরে অপরিচ্ছন্ন পরিবেশ আর অনিয়মিত খাবারের কারণে হাসান ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।এদিকে টর্নেডোয় আহত সদর উপজেলার জারুলতলা গ্রামের আফিয়া খাতুন (৬৫) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে টর্নেডো-বিধ্বস্ত এলাকায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩।২২ মার্চ শুক্রবার বিকেলের টর্নেডো ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার দেড় হাজার পরিবারের ঘরবাড়ি লন্ডভন্ড করে দেয়। এর মধ্যে অধিকাংশ ঘরবাড়ির কোনো চিহ্নও নেই। এতে নিহত হয় বৃদ্ধ ও শিশুসহ ৩৩ জন। ঘটনার সাত দিন পর গতকাল শুক্রবার পর্যন্ত একটি পরিবারও ঘুরে দাঁড়াতে পারেনি। ধ্বংসস্তূপ দেখে মনে হয়, এ যেন যুদ্ধবিধ্বস্ত কোনো জনপদ। গত বুধবার থেকে ক্ষতিগ্রস্ত মানুষগুলো সেনাবাহিনীর টানিয়ে দেওয়া তাঁবুর নিচে আছে।