নারী ও শিশুর জন্য বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব
চতুর্থ উইমেন ডেলিভার কনফারেন্সের দ্বিতীয় দিনে ১৬৮টি দেশের প্রায় ৫ হাজার প্রতিনিধি আবারও নারী ও শিশুর যৌন, প্রজননস্বাস্থ্য এবং অধিকার রক্ষায় অঙ্গীকার করলেন।
গতকাল মঙ্গলবার ডেনমার্কের কোপেনহেগেনের বেলা সেন্টারে দিনব্যাপী আয়োজনে নারী ও শিশুর পেছনে বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পায়। প্লেনারি সেশনসহ বিভিন্ন আলোচনায় আলোচকেরা বলেন, নারী ও শিশুর পেছনে বিনিয়োগ করলে তা কখনো বিফলে যায় না। তার সুফল পরিবার ও রাষ্ট্র পায়। জেন্ডার বৈষম্য নিরসনেও এ বিনিয়োগের বিকল্প নেই।
নিউইয়র্কভিত্তিক এনজিও উইমেন ডেলিভার আয়োজিত এই সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ইনভেস্ট ইন গার্লস অ্যান্ড উইমেন-ইট পেইস’। সম্মেলন আয়োজনে ডেনমার্ক সরকার, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), ইউএন-উইমেনসহ নানা সংস্থা ও সংগঠন সহায়তার হাত বাড়িয়েছে।
গত সোমবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় রাত প্রায় সাড়ে ১০টা) ডেনমার্কের প্রিন্সেস মেরি, প্রধানমন্ত্রী লার্স লক রাসমিউসেনও বিনিয়োগ বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দেন। তাঁরা নারী ও শিশুকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানান। পৃথিবীতে নারী-পুরুষের সমতা তৈরির বিষয়টি শুধু নারীর আন্দোলনের বিষয় নয়, এটি নারী ও পুরুষের আন্দোলনের বিষয় বলে উল্লেখ করেন তাঁরা।
উইমেন ডেলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা কাটজা ইভারসন বলেন, বিনিয়োগের প্রশ্নে ‘যদি’ বা ‘কেন’ শব্দের পরিবর্তে ‘কীভাবে’ এবং ‘এখন’ এ শব্দগুলো আলোচনায় আনতে হবে। এখন আর নারী ও শিশুর পেছনে বিনিয়োগের প্রশ্নে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বের সময় নেই।
সম্মেলনে বিভিন্ন দেশের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের ফোরামেও বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পায়। এ ফোরামে যোগ দিয়েছেন বাংলাদেশের অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। তিনি মেয়েদের শিক্ষায় বিনিয়োগ বাড়ানো, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা, জেন্ডার বাজেটিংসহ দেশের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। জেন্ডার বাজেটিংয়ের উদাহরণ অন্যান্য দেশের কাছে প্রশংসিত হয়।
মোহাম্মদ আবদুল মান্নান বলেন, এখানে বিভিন্ন দেশের আলোচনা থেকে বোঝা যাচ্ছে, অনুন্নত দেশের পাশাপাশি অনেক উন্নত দেশেও নারীরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার। বাংলাদেশেও বেতনবৈষম্যসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা সমস্যার মধ্যে আছেন। তবে সরকার জেন্ডার বৈষম্য নিরসনে নজর ও বাড়তি বরাদ্দ দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন অনুযায়ী, নতুন নির্মিত ভবনে শিশুদিবাযত্ন কেন্দ্রসহ নারীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো তৈরির বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানও যাতে এ ধরনের উদোগ নেয়, তারও আহ্বান জানানো হচ্ছে। তিনি বলেন, নতুন অর্থবছরের বাজেটে মানব উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাবে। ফলে শিক্ষা, স্বাস্থ্য, মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়সহ এ ধরনের খাতে অর্থ বরাদ্দ বাড়তে পারে।
গতকাল এক আলোচনায় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার মেলিন্ডা গেটস তাঁর ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তার আশ্বাস দেন। তিনি মাতৃ ও শিশুমৃত্যু প্রতিরোধ, জেন্ডার বৈষম্য নিরসনে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টিতে গুরুত্ব দেন। তাঁর মতে, নারীর এ ক্ষমতা বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও নারীকে সোজা হয়ে দাঁড়াতে সহায়তা করে। জেন্ডার বৈষম্য নিরসনে নারী-বিষয়ক তথ্য-উপাত্তের ব্যবধান কমানোর জন্য আগামী তিন বছরের জন্য ৮০ মিলিয়ন মার্কিন ডলার অর্থসহায়তা ঘোষণা করেন তিনি।