সারা দেশে নারীর প্রতি সহিংসতা ভয়াবহ আকার ধারণ করছে। দেশে গত এক বছরে বিভিন্ন মাত্রায় সহিংসতার প্রায় ২০ হাজার অভিযোগ পাওয়া গেছে। জাতীয় পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে নারী ও শিশুর প্রতি সহিংসতার পরিমাণ আড়াই হাজার। এসব নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। বরিশালে পারিবারিক নির্যাতন প্রতিরোধে অনুষ্ঠিত বিভাগীয় অ্যাডভোকেসি সভায় এসব তথ্য তুলে ধরা হয়। পরবর্তী সময়ে পারিবারিক নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম ও সুপারিশমালা উত্থাপন করে মতামত দেন অংশগ্রহণকারীরা। গতকাল বুধবার বেলা ১১টায় নগরের বিডিএস মিলনায়তনে নজরুল স্মৃতি সংসদে এই সভা অনুষ্ঠিত হয়। বরিশালে জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. নূরুল আমিন। সভায় পুলিশের প্রধান কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, নারীর প্রতি সহিংসতার এক বছরের চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, গত বছর সারা দেশে ১৯ হাজার ৬১৭টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে যৌতুক ছয় হাজার ৭০৪টি, অ্যাসিড-সন্ত্রাস ৯৮টি, অপহরণের ঘটনা চার হাজার একটি, ধর্ষণের শিকার তিন হাজার ৬৪৮টি, ধর্ষণের পর হত্যা ২০টি, হত্যা ২৫২টি, জখম ১৩২টি, পাচার ২১১টি এবং অন্যান্য সহিংসতার ঘটনা চার হাজার ৫১৭টি। ওই সময় বরিশাল বিভাগে নারী ও শিশুর সহিংসতার ঘটনা ঘটেছে ২০৮টি। যার মধ্যে যৌতুক ২৯, পারিবারিক সহিংসতা ২৯, শিশু বা বাল্যবিবাহ ২২, যৌন নির্যাতন ৭৬, নারীর অধিকারবিষয়ক ১৪, নারীর প্রতি সহিংসতা ৩৮টি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, ইউএসএআইডির ফজিলাতুন্নেছা, নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক শাহবুদ্দিন পান্না, নারীনেত্রী নিগার সুলতানা, রহিমা সুলতানা, মনির হোসেন কামাল, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, প্লান বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা শাহরুখ সোহেল প্রমুখ।