নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে ১১ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্রে গত বছর গড়ে প্রতিদিন ১৪ জন বা তার বেশি নারী ও শিশু নির্যাতনের সংবাদ প্রকাশিত হয়েছে। ২০১৩ সালের তুলনায় গত বছর নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে ১১ শতাংশ আর পারিবারিক নির্যাতন বেড়েছ ৪৪ শতাংশ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২০১৪ সালের নারীর প্রতি সহিংসতা পরিস্থিতি নিয়ে সমিতির বিশ্লেষণধর্মী গবেষণা প্রতিবেদন উপস্থাপনের জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিএনডব্লিউএলএ জানায়, ২০১৪ সালে আগের বছরের তুলনায় দেশে ফতোয়া দেওয়ার হার বৃদ্ধি পায় ৫৪ শতাংশ। একই সময়ে ধর্ষণ ১০, গৃহকর্মী নির্যাতন ৯ ও যৌতুকের কারণে নির্যাতন ২ শতাংশ বাড়ে। তবে ২০১৩ সালের তুলনায় বছরটিতে যৌন হয়রানি ৩৭ শতাংশ কমেছে। একই সঙ্গে অ্যাসিড-সন্ত্রাস কমেছে ৩৮ শতাংশ।

বিএনডব্লিউএলএ ১৯৯৯ সাল থেকে ‘বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করছে। সংবাদপত্র থেকে সংগৃহীত তথ্যের পাশাপাশি সমিতির সেবা দানকারী কেন্দ্রের তথ্য, সদস্যদের দেওয়া তথ্য, সত্যানুসন্ধান, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার ও ভিকটিম সাপোর্ট সেন্টারসহ পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া তথ্যসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৪ সালে ১ হাজার ৯১০ জন নারী ও শিশুকে হত্যা করা হয়। ৪৪৯ জন বেছে নেয় আত্মহত্যার পথ।

‘নারীর প্রতি সহিংসতা ২০১৪ উদ্বেগ, অগ্রগতি ও সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনের মূল বক্তব্যে সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, দেশে অনেক আইন থাকলেও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের সচেতনতা খুবই কম। বিচার-প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, দুর্নীতি, তদন্তে অবহেলা ও ধীরগতির কারণে অপরাধীরা অনেক সময় শাস্তি থেকে রেহাই পেয়ে যায়। তিনি নারীর প্রতি সহিংসতা বন্ধে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন আইনের কার্যকর বাস্তবায়নের ওপর জোর দেন।
সংবাদ সম্মলনে সমিতির পরিচালক তৌহিদা খন্দকার, রেহানা সুলতানা, ওয়াহিদা ইদ্রিস প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের আলোচনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি উঠে আসে। সংগঠনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘বছর শেষের দুদিন আগে পিকেটারদের ইটের আঘাতে লক্ষ্মীপুরে স্কুলশি‌ক্ষিকার নির্মম মৃত্যু আমাদের বিচলিত করে। রাজনৈতিক সংঘাত ও অস্থিরতার শিকার নারী ও শিশুসহ সাধারণ মানুষ। এই নৈরাজ্য জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানই এর জন্য দায়ী। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ২০১৪ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ ও গুলিবিনিময়ে মারা গেছেন ১২৮ জন। বছরটিতে ৮৮ জন গুম বা গুপ্তহত্যার শিকার হয়েছেন। এর মধ্যে মাত্র ১২ জন মুক্তি পেয়েছেন। ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।’

২০১৪ সালের প্রতিবেদনে পুলিশ সদর দপ্তরের নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যা পর্যালোচনার কথা উল্লেখ করে বলা হয়েছে, ২০১৩ সালে ১৯ হাজার ৬০১টি মামলা হলেও নভেম্বর ২০১৪ পর্যন্ত ১১ মাসে ১৯ হাজার ৭৭৩টি মামলা রেকর্ড হয়েছে, যা অন্তত ১০ শতাংশ মামলা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এ ছাড়া শুধু ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারেই দুই হাজার ৩৫১টি অভিযোগ গ্রহণ করা হয়। সমিতির বিভিন্ন আইনি সেবাকেন্দ্রে গত বছর ১৬ হাজার ৩৬৮ জন নির্যাতনের শিকার নারী ও শিশু আইনগত সহায়তার জন্য আবেদন করেছে, যা আগের কয়েক বছরের তুলনায় সর্বাধিক।

সংবাদ সম্মেলনে কোনোভাবেই যাতে মানুষের মৌলিক অধিকার ভূলুণ্ঠিত না হয়, সে বিষয়ে সরকারকেই কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।