নারী ও শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলায় খাদিজা খাতুন (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার শিবরামপুর গ্রামের একটি পাটখেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

একই দিন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভাইজোরা গ্রাম থেকে পুতুল বেগম (২২) নামের গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বছর খানেক আগে মহম্মদপুরের শিবরামপুর গ্রামের নছিমনচালক বাকী ইমামের সঙ্গে তাঁর প্রথম স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। মেয়ে খাদিজাকে বাকী তাঁর কাছে রেখে দেন। কিছুদিন পর বাকী সীমা খাতুন নামের একজনকে বিয়ে করেন।

বুধবার সকালে বাড়ির কাছে পাটখেতে খাদিজার লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। বিকেলে মহমঞ্চদপুর থানার উপপরিদর্শক নুরুজ্জামান বিশ্বাস বলেন, লাশের বাঁ চোয়ালে কালো দাগ এবং গলা ফোলা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাত বছর আগে মঠবাড়িয়া উপজেলার ভাইজোরা গ্রামের অলি হাওলাদারের সঙ্গে মঠবাড়িয়া পৌরসভার কলেজপাড়া মহল্লার অনিস শিকদারের মেয়ে পুতুল বেগমের বিয়ে হয়।

পুতুলের শাশুড়ি নূরজাহান জানান, গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তাঁর পুত্রবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে পুতুলের মা অভিযোগ করেন, বিয়ের পর থেকে পুতুলকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করতেন। তাঁরা পুতুলকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা বলে চালাতে চাইছেন।