নারী কনস্টেবলকে ধর্ষণ: সাবেক স্বামী পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে এক নারী কনস্টেবলকে ধর্ষণের মামলায় তাঁর সাবেক স্বামী পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার কক্সবাজারের কলাতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ মতিউল ইসলাম জানান, সকালে জেলার কলাতলী এলাকা থেকে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তাঁরা।

এই পু​লিশ কর্মকর্তা আগে খিলগাঁও থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে সেখান থেকে পুলিশের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) বদলি করা হয়। পরে তা বাতিল করে তাঁকে শিল্প পুলিশে বদলি করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন

ফরেনসিক পরীক্ষায় ওই নারী কনস্টেবলকে ধর্ষণের আলামত পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিসের (ওসিসি) চিকিৎসকেরা। গতকাল মঙ্গলবার খিলগাঁও থানায় ওই প্রতিবেদন পাঠানো হয়েছে।

ওই নারী কনস্টেবল রাজধানীর একটি থানায় কর্মরত। এরই মধ্যে তিনি আদালতে ঘটনার বিবরণ দিয়ে জবানবন্দি দিয়েছেন।

নারী কনস্টেবলের বোন প্রথম আলোকে বলেন, ২০১১ সালে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক চেয়ে তাঁর বোনের ওপর অত্যাচার, নির্যাতন শুরু করেন ওই পুলিশ কর্মকর্তা। এর জের ধরে ২০১৪ সালের দিকে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ির পর তাঁদের আড়াই বছরের সন্তান মায়ের সঙ্গে গাজীপুরে থাকত। কিন্তু ২০১৪ সালের শেষের দিকে ওই পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন বাসায় হামলা চালিয়ে সন্তানকে ছিনিয়ে নিয়ে আসেন।

নারী কনস্টেবলের বোন আরও বলেন, ২০১৪ সালে যৌতুক চেয়ে অত্যাচার, নির্যাতন ও হামলা চালিয়ে সন্তান ছিনিয়ে নেওয়ার অভিযোগে গাজীপুরের জয়দেবপুর থানা ও আদালতে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এর মধ্যে ওই পুলিশ কর্মকর্তা তাঁর বোনকে আবারও বিয়ে করার প্রস্তাব দিতে থাকেন। এমন পরিস্থিতিতে গত শুক্রবার তাঁর বোন অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তিনি রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে যান। খবর পেয়ে সেখানে যান ওই পুলিশ কর্মকর্তা। সন্তানকে দেখানোর কথা বলে ফুসলিয়ে তাঁর বোনকে খিলগাঁও তিলপাপাড়ার এক বাসায় নিয়ে যান। তারপর তাঁকে নেশাজাতীয় দ্রব্যমিশ্রিত পানি খাওয়ানো হয়। কিন্তু সেখানে তাঁদের সন্তান ছিল না, ছিল চার অচেনা লোক। একপর্যায়ে দরজা বন্ধ করে ওই পুলিশ কর্মকর্তা তাঁর বোনকে ধর্ষণ করেন। এতে তাঁর বোন অচেতন হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে কৌশলে তিনি বাসা থেকে বের হয়ে পরিবারকে খবর দেন।

নারী কনস্টেবলের বোন আরও জানান, ধর্ষণের ব্যাপারে তাঁর বোন শুধু সাবেক স্বামীর কথা বলতে পেরেছেন। অজ্ঞান হয়ে পড়ায় অচেনা লোকগুলোও ধর্ষণের সঙ্গে জড়িত কি না, তা তিনি বলতে পারেননি।