নারী কনস্টেবলদের ১০ শতাংশ হয়রানির শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশে কর্মরত নারী কনস্টেবলদের ১০ শতাংশের বেশি কর্মক্ষেত্রে হয়রানির শিকার হন। কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের (সিএইচআরআই) এক জরিপ প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। বলা হয়েছে, নারী উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শকদের ক্ষেত্রে এ হার ৩ শতাংশ। এর ওপরের নারী কর্মকর্তারাও হয়রানির বাইরে নন।
পুলিশ জরিপের এই ফলকে ভিত্তিহীন উল্লেখ করে বলেছে, পুলিশে এ ধরনের হয়রানির নজির নেই।
গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সমতার কঠিন পথে বাংলাদেশের নারী পুলিশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশন ও সিএইচআরআই যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। বৈঠকে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি-লজিস্টিকস অ্যান্ড প্রকিউরমেন্ট) ও বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের সভাপতি মিলি বিশ্বাস, সিএইচআরআইয়ের জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা অদিতি দত্ত, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রধান সালমা আলী, জেন্ডার বিশেষজ্ঞ ফওজিয়া খন্দকার, ‘বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক এ্যাঞ্জেলা গোমেজ প্রমুখ।
সিএইচআরআইয়ের পরিচালক মায়া দারুওয়ালা বলেন, জনসংখ্যার অর্ধেকই নারী হওয়ায় পুলিশ বিভাগেও নারীদের সমান প্রতিনিধিত্ব থাকতে হবে। রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার জন্যই এখানে নারীদের অংশগ্রহণ জরুরি।
জাতিসংঘের নারীবিষয়ক আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিন হান্টার বলেন, এখনো শতকরা ১০ জন নারী সহিংসতার শিকার হন। তাঁদের মধ্যে মাত্র ৫ শতাংশ পুলিশের কাছে অভিযোগ জানান।
সভাপতির বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, জনগণ পুলিশের কাছে আস্থা চায়। আস্থা পেলে সেখানে নারী-পুরুষ আলাদা বিষয় নয়। উপযুক্ত প্রশিক্ষণ পেলে নারী পুলিশরা দক্ষতার সঙ্গে তাঁদের কাজ করতে পারেন।
যেভাবে জরিপ: জরিপে অংশ নেওয়া মোট ২২৭ নারী পুলিশের মধ্যে ১৫৪ জন কনস্টেবল, ৬ জন পরিদর্শক, ৩৭ জন উপপরিদর্শক ও ৩০ জন সহকারী উপপরিদর্শক। এ ছাড়া ১২ জন জ্যেষ্ঠ নারী পুলিশ কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়।
জরিপে যা আছে: জরিপে হয়রানি প্রসঙ্গে বলা হয়েছে, ১০.৪৬ শতাংশ নারী কনস্টেবল জানিয়েছেন যে তাঁরা যৌন হয়রানির শিকার হয়েছেন। ২.৭ শতাংশ উপপরিদর্শক ও ৩.৩ শতাংশ সহকারী উপপরিদর্শক এমন কথা জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, পুলিশে যৌন হয়রানির একটি সাধারণ ধরন হচ্ছে কোনো নারী পুলিশের মানহানির উদ্দেশ্যে তাঁর সম্পর্কে গুজব ছড়ানো। পুরুষ পুলিশ সদস্যরা নারী সহকর্মীদের মুঠোফোনে বারবার অনুচিত বা অযথা বার্তা পাঠান। জরিপে বলা হয়, বর্তমানে পুলিশ বিভাগে নারী সদস্য ১১ হাজার ৩৮ জন, যা পুলিশের মোট জনবলের ৫.৮৪ শতাংশ।
একমত নয় পুলিশ: পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জরিপের ফলকে অসত্য উল্লেখ করে প্রথম আলোকে বলেন, এ ধরনের তথ্য একেবারেই ভিত্তিহীন। এর কোনো প্রমাণও কেউ দিতে পারবে না। বাংলাদেশ পুলিশের কোনো নারীকর্মী কর্মস্থলে যৌন হয়রানির শিকার হয়েছেন, এ রকম কোনো নজির নেই।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, ‘আইজিপি মহোদয় যদি এতখানিই নিশ্চিত হন যে জরিপের তথ্য সবই অসত্য, এগুলোর কোনো ভিত্তি নেই, তাহলে বাহিনী হিসেবে তাঁর উচিত হবে গবেষণাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানির মামলা করা। আর না হলে তাঁদের উচিত হবে, এখানে যে ঘটনাগুলোর কথা বলা হয়েছে, সেগুলোর সত্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।’