নারী কনস্টেবলের আত্মহত্যার ঘটনায় সহকর্মী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানায় নারী কনস্টেবল ছাবিনা ইয়াসমিনের আত্মহত্যার ঘটনায় গত বুধবার রাতে জিয়াউর রহমান নামের এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
আশুলিয়া থানার পুলিশ কনস্টেবল জিয়াউরকে গত বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ছাবিনার ভাই নজরুল ইসলাম গতকাল জিয়াউরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আশুলিয়া থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে গতকালই জিয়াউরকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী খান বলেন, থানার পাশে নারী ব্যারাকের একটি কক্ষ থেকে গত বুধবার দুপুরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছাবিনার লাশ উদ্ধার করা হয়। ওই কক্ষ থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করে। চিরকুটে লেখা ছিল ‘জিয়া আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আমি এ জীবন রাখতে চাই না।’
আকবর আলী খান বলেন, চিরকুটের সূত্র ধরে জিয়াকে গ্রেপ্তার করা হয়। জিয়াউরের সঙ্গে প্রেমের জের ধরে ছাবিনা আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে।