নারী কনস্টেবলের গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ায় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী কনস্টেবলের সঙ্গে সর্ম্পক গড়ে তুলে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে, তা ছড়িয়ে দেওয়ার মামলায় অভিযুক্ত যুবক হৃদয় খানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে ওই নারী কনস্টেবল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে হৃদয় খানের বিরুদ্ধে মামলা করেন। ওই নারী কক্সবাজারে কর্মরত। তাঁর বাড়ি নারায়ণগঞ্জে। আর অভিযুক্ত হৃদয় খানের বাড়ি কুমিল্লার দাউদকান্দির কান্দিরপাড় এলাকায়।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম প্রথম আলোকে জানান, এ ঘটনায় ওই নারী কনস্টেবল বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত যুবক হৃদয় খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

মামলার এজাহারে ওই নারী কনস্টেবল উল্লেখ করেন, তিনি কক্সবাজারে কর্মরত। হৃদয় খানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে হৃদয় খানের সঙ্গে নিয়মিত ভিডিও কলে যোগাযোগ হতো তাঁর। হৃদয় খান তাঁকে বিয়ের প্রস্তাব দেন। তাঁর সঙ্গে কথা বলাসহ বিভিন্ন অশ্লীল ভিডিও আদান-প্রদান হয়, যা হৃদয় তাঁর মুঠোফোনে সংরক্ষণ করে রাখেন।

এজাহারে ওই নারী আরও উল্লেখ করেন, হৃদয় অজান্তে তাঁর সঙ্গে কাটানো একান্ত সময়ের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেছিলেন। পরে হৃদয়ের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন শুরু হলে তিনি (হৃদয়) একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে ওই ভিডিও ছড়িয়ে দেন।