হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের একজন নারী কর্মকর্তা একই বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর ছেলের হাতে লাঞ্ছিত হয়েছেন। পুলিশ এ ঘটনায় ওই যুবককে আটক করলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের চাপে তাঁকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি এ ঘটনায় পুলিশ মামলাও নেয়নি বলে অভিযোগ উঠেছে।ভুক্তভোগীর ভাষ্য ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাঁশেরহাট বাজারের ‘শোভন এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে মুঠোফোনে টাকা ভরতে যান। এ সময় তিনি দুই ঘণ্টা আগে আরও দুটি নম্বরে টাকা ভরার জন্য টাকা দিয়ে গেলেও কেন এখনো ভরা হয়নি, তা দোকানের মালিক আবদুল হামিদের কাছে জানতে চান। এতে আবদুল হামিদ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং একপর্যায়ে তাঁকে কিল-ঘুষি মারেন। এ সময় বাজারে টহলরত দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাবিব দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই কর্মকর্তাকে রক্ষা করেন এবং হামিদকে আটক করে থানায় নিয়ে যান। হামিদ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের চতুর্থ শ্রেণীর কর্মচারী আবু তালেবের ছেলে।ভুক্তভোগী নারী কর্মকর্তা অভিযোগ করেন, ঘটনার দিন সন্ধ্যায় তিনি থানায় মামলা করতে যান। সেখানে গিয়ে দেখেন, বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল হুদা, গ্রন্থাগারিক আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি আবদুর রহিম ও হামিদের বাবা আবু তালেব বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলছেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান তাঁকে মামলা না করার জন্য প্রভাবিত করেন। এ সময় তাঁরা হামিদকে অপ্রকৃতিস্থ বলে দাবি করেন। মামলা করলে প্রতিশোধ হিসেবে হামিদ যেকোনো ধরনের অনিষ্ট করতে পারেন বলেও ভয়ভীতি দেখান।ভুক্তভোগী আরও অভিযোগ করেন, অভিভাবকদের পরামর্শে মামলা করার জন্য পরদিন তিনি ফের স্বামীকে নিয়ে থানায় গেলে পুলিশের কর্মকর্তা আনিছুর রহমান তাঁকে বলেন, ‘আপনি গতকাল অভিযোগ দিয়ে প্রত্যাহার করে নিয়েছেন। আর নতুন করে এজাহারে যেসব অভিযোগ করেছেন, তা প্রমাণ করতে পারবেন না। তা ছাড়া যে যুবক আপনার গায়ে হাত তুলেছে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তার পক্ষে। ভবিষ্যতে আপনার সমস্যা হতে পারে।’জানতে চাইলে সহযোগী অধ্যাপক সাইফুল হুদা গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার খবর পেয়ে বিবেকের তাড়নায় থানায় গিয়েছিলাম। কিন্তু সেখানে যাওয়ার পর শুনি, বিষয়টির মীমাংসা হয়ে গেছে।’ একই মন্তব্য করে গ্রন্থাগারিক আলাউদ্দিন বলেন, ‘হামিদ মাফ চাওয়ায় বিষয়টির সুরাহা হয়ে গেছে।’পুলিশের কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যে সিদ্ধান্ত দিয়েছেন, পুলিশ সেভাবে কাজ করেছে।’