রাজধানীর মোহাম্মদপুরে নিজ প্রতিষ্ঠানের এক নারী কর্মীকে যৌন হয়রানির পর সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম মজিবর রহমান ভূইয়া। শুক্রবার রাতে বায়তুল আমান হাউজিং সোসাইটির বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আদাবর থানার উপপরিদর্শক মশিউর রহমান বলেন, মজিবর রহমান ভূইয়া তাঁর নিজ প্রতিষ্ঠানের কর্মীকে ভয়ভীতি দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেন এবং তা ভিডিওতে ধারণ করেন। পরে সেই ভিডিও তিনি ইন্টারনেটে ছেড়ে দেন। এ ঘটনার শিকার নারী বিষয়টি থানায় জানালে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে এমন কিছু করার কথা অস্বীকার করেছেন মজিবর। তবে পুলিশের হাতে সব প্রমাণ আছে বলে জানান তিনি।
মজিবর রহমান ভূইয়ার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(২) ও পর্নোগ্রাফি আইনের ৮(১) ধারায় মামলা করা হয়েছে।
আজ রোববার মজিবরের ব্যাপারে রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা আছে। গতকাল শনিবার আদালতে হাজিরের পর তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।