নারী কাউন্সিলর নিখোঁজের প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের নারী কাউন্সিলর পারভীন আক্তার নিখোঁজ হওয়ার প্রতিবাদে এলাকাবাসী আজ শনিবার বিক্ষোভ করেন। একই সঙ্গে তাঁরা কালিয়াকৈর-নবীনগর সড়কও অবরোধ করেন।

পারভীন আক্তার সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে পানিশাইল ব্যাটারি ফ্যাক্টরির পাশে একটি গ্রাম্য সালিসের উদ্দেশে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু তিনি আর ফিরে আসেননি।

এই ঘটনায় গতকাল রাতেই তাঁর স্বামী জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এলাকাবাসী, নিখোঁজ কাউন্সিলরের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের খোঁজ না পেয়ে সকাল থেকে তাঁর বাড়িতে শত শত এলাকাবাসী জড়ো হন। সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের একপর্যায়ে উত্তেজিত এলাকাবাসী কালিয়াকৈর-নবীনগর সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে তাঁরা সোয়া ১১টার দিকে অবরোধ তুলে নেন।

পারভীন আক্তারের ভাই রফিক মিয়া জানান, এখন পর্যন্ত তাঁর বোনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ছাড়া পুলিশও কোনো খোঁজ দিতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, আজকের মধ্যে পারভীন আক্তারকে উদ্ধার করা হবে—এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী অবরোধ তুলে নেন।