নারী কাউন্সিলর পেটালেন পুরুষ কাউন্সিলরকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৈরব পৌর পরিষদের এক কাউন্সিলরকে পরিষদ চত্বরে ফেলে প্রকাশ্যে বেধড়ক পিটিয়েছেন একই পরিষদের এক নারী কাউন্সিলর। নারী কাউন্সিলরের মার খেয়ে ওই পুরুষ কাউন্সিলর এখন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎ সাধীন।আহত কাউন্সিলর হলেন মতি মিয়া। তিনি নির্বাচিত হয়েছেন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড থেকে। অভিযুক্ত নারী কাউন্সিলর নার্গিস বেগম জনপ্রতিনিধি হয়েছেন পৌর এলাকার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসন থেকে। নারী কাউন্সিলরের হাতে সহকর্মীর লাঞ্ছিত হওয়ার ঘটনাটি ঘটে গতকাল রোববার দুপুরে।কাউন্সিলর ও পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি সালিসের বিষয় নিয়ে মতি মিয়ার সঙ্গে নার্গিস বেগমের বিরোধ হয়। মেয়র মীমাংসার উদ্যোগ নেন। কিন্তু নার্গিস এতে সাড়া দেননি।গতকাল সকাল থেকে নার্গিস বেগম তাঁর কিছু অনুগত নিয়ে পৌর পরিষদের কাছাকাছি অবস্থান নেন। বেলা ১১টার দিকে মতি মিয়া পৌরসভায় আসেন। এরপর জোহরের নামাজ আদায় করতে পরিষদের মসজিদে যান। মসজিদ থেকে বের হওয়া মাত্র নার্গিস তাঁকে জামা ধরে কিল-ঘুষি মারতে থাকেন। কিছু সময়ের মধ্যে তাঁর অনুগতরা এসে বেধড়ক মারধর করে। পরে পরিষদে কর্মরত লোকজন এসে মতি মিয়াকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।ঘটনার সঙ্গে সঙ্গে পৌর পরিষদ জরুরি সভায় বসে। সভা থেকে ঘটনার নিন্দা জানিয়ে করণীয় নির্ধারণ করতে আজ সোমবার সকালে জরুরি সভা আহ্বান করা হয়।হাসপাতালের বিছানায় শুয়ে মতি মিয়া বলেন, ‘আমার ওয়ার্ডের একটি সমস্যা নিষ্পত্তির চেষ্টা করছিলাম। নার্গিস অন্য ওয়ার্ডের হলেও বিষয়টির সঙ্গে সম্পৃক্ত হয়ে পক্ষাবলম্বন করেন। এ নিয়ে তাঁর সঙ্গে আমার মতের অমিল হয়। এতে তিনি আমার ওপর ক্ষুব্ধ হন। নার্গিস আমাকে লাঞ্ছিত করতে পারেন—এমন আশঙ্কায় বিষয়টি মেয়রসহ অন্য কাউন্সিলরদের জানাই। গতকাল সকালে আমি পৌরসভায় আসি। নামাজ শেষে বের হতেই নার্গিস আমার ওপর চড়াও হন। কিল-ঘুষি মেরে অন্যদের লেলিয়ে দেন।’মতি মিয়াকে মারধরের কথা অকপটে স্বীকার করেন নার্গিস বেগম। প্রথম আলোকে তিনি বলেন, ‘মতি মিয়া টাকা খেয়ে একটি সমস্যার নিষ্পত্তি করছিল না। বিষয়টি জানতে আমি তাকে মোবাইলে ফোন দিয়েছিলাম। কেন তাকে ফোন দিলাম, এই কারণে আমাকে অকথ্য গালাগালি করে। তার এ ধরনের গালাগালি আমি মেনে নিতে পারিনি।’একজন জনপ্রতিনিধি হয়ে আরেক জনপ্রতিনিধিকে প্রকাশ্য মারধর কেমন হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। এ কারণে অন্যায়ের বিচার করা আমার অধিকার। কাউন্সিলর অন্যায় করেছে, আমি শাস্তি দিয়েছি। এতে অন্যায়ের কিছু দেখছি না।’পৌর মেয়র মো. শাহিন বলেন, ‘কী বলব! বলার কিছু নাই। নার্গিস এখন পরিষদের আতঙ্ক। তার মতের বিরুদ্ধে গেলে সর্বনাশ। তার একটি কাগজে স্বাক্ষর করিনি বলে আমাকে সবার সামনে গালাগালি করে মারধরের হুমকি দিয়েছে। পরে আমার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও আনে। নার্গিসের এমন আচরণের হাত থেকে পৌর পরিষদকে রক্ষা করার জন্য আজ জরুরি সভা আহ্বান করা হয়েছে। সভায় সিদ্ধান্ত নিয়ে নার্গিসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎ সক তৌহিদুল ইসলাম বলেন, মতি মিয়ার ডান চোখের আঘাত গুরুতর। ওই চোখে রক্ত জমাট বেঁধে আছে। তা ছাড়া কান ও সারা শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি।ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালে গিয়ে কাউন্সিলরের শরীরে আঘাতের চিহ্ন দেখে এসেছি। এ বিষয়ে মতি মিয়া অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’