খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীদের জামানত অবশেষে ১০ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। নারী কাউন্সিলর প্রার্থীদের আন্দোলনের মুখে গত বৃহস্পতিবার জামানতের ওই টাকা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন।
খুলনার উপনির্বাচন কমিশনারের কার্যালয় থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের এক বিশেষ পরিপত্রে নারী কাউন্সিলর প্রার্থীদের জামানত পুনর্নির্ধারণ করে ১০ হাজার টাকা করা হয়।
সাধারণ কাউন্সিলর প্রার্থীর জামানত ১০ হাজার টাকা নির্ধারণ করা হলেও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের জামানত ৩০ থেকে ৫০ হাজার টাকা করে নির্বাচন কমিশন। প্রতিবাদে আন্দোলন শুরু করেন নারী প্রার্থীরা।
রিটার্নিং কর্মকর্তা মোস্তফা ফারুক বলেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা সংশোধন করে সংরক্ষিত আসনে নারী প্রার্থীদের জামানত পুনর্নির্ধারণ করে ১০ হাজার টাকা করেছে। গত শুক্রবার এই পরিপত্রটি তাঁদের হাতে এসেছে।