জয়পুরহাট পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিনটি পদে ১৮ জন নারী প্রার্থীর মধ্যে ছয়জন স্নাতক ও তিনজন এইচএসসি পাস। বাকিদের মধ্যে পাঁচজন মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি। আর চারজন স্বশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। তবে প্রার্থীদের অধিকাংশই গৃহিণী।
নির্বাচন কমিশনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।
জয়পুরহাট পৌরসভার ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রোজী বেগম ও নাছিমা আক্তারও স্নাতক। আরেকজন জান্নাতুল ফেরদৌস এইচএসসি পাস।
২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী আছেন ১০ জন। এঁদের মধ্যে মেহেরজান টপি স্নাতকোত্তর, শাম্মীম আজিজ ও নুরজাহান বেগম হ্যাপি স্নাতক এবং সুলতানা রিজিয়া এইচএসসি পাস।
৩ নম্বর ওয়ার্ডের নিলুফা জহুর লিলি স্নাতক, ও সেলিমা দিল আফরোজা এইচএসসি পাস। ধানমন্ডির ফেন্সি আরা অষ্টম শ্রেণি পাস।