নারী কাউন্সিলরদের অধিকাংশই স্বাক্ষরজ্ঞানসম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করছেন ১৪ জন নারী। তাঁদের হলফনামা ঘেঁটে জানা যায়, ওই ১৪ জনের মধ্যে ১১ জনই স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। পেশায় তাঁরা সবাই গৃহিণী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ভবানীগঞ্জ পৌরসভায় সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে মোট ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এসব প্রার্থীর হলফনামা থেকে জানা যায়, মাত্র একজনের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। তিনি হলেন ৩ নম্বর ওয়ার্ডের আনোয়ারা বিবি। এ ছাড়া ওই পৌরসভার অন্য দুই প্রার্থী ২ নম্বর ওয়ার্ডের শাহানারা খাতুন নবম শ্রেণি ও মমতাজ খাতুন অষ্টম শ্রেণি পাস। আর ১ নম্বর ওয়ার্ডের ছয়জন প্রার্থীর সবাই স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। এই ওয়ার্ডে সর্বোচ্চ ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছয়জনসহ ২ নম্বর ওয়ার্ডে দুজন ও ৩ নম্বর ওয়ার্ডের তিনজন মোট ১১ জন প্রার্থী স্বাক্ষরজ্ঞানসম্পন্ন বলে উল্লেখ করেছেন। নির্বাচনে অংশ নেওয়া ১৪ প্রার্থীর সবাই পেশায় গৃহিণী।
স্বাক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থী নারগিস খাতুন বলেন, লেখাপড়া না জানলেও কীভাবে জনসেবা করতে হয়, তা তিনি জানেন।
নবম শ্রেণি পাস শাহানারা খাতুন বলেন, খুব বেশি শিক্ষিত নারীরা নির্বাচনে আসেন না। পরপর দুবার নির্বাচিত হয়ে কীভাবে কাজ করতে হয় তা তিনি জেনেছেন। তবে শিক্ষিত লোকজন নির্বাচনে এলে স্থানীয় সরকার ব্যবস্থা আরও উন্নত ও শক্তিশালী হতো বলে মন্তব্য করেন তিনি।