নারী কাউন্সিলরদের বঞ্চিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নারী কাউন্সিলররা অভিযোগ করেছেন, সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্পের কাজ বণ্টনের ক্ষেত্রে তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। তাঁদের নানাভাবে বঞ্চিত করা হচ্ছে। শিগগিরই এসব বৈষম্য দূর করা না হলে আন্দোলন কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দেন তাঁরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক নারী কাউন্সিলর জানিয়েছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ৩ এপ্রিল থেকে রাসিকের প্রত্যেক পুরুষ কাউন্সিলরকে এলাকার বিভিন্ন কাজের জন্য অতিরিক্ত ১০ জন করে শ্রমিক দেওয়া হয়েছে। কিন্তু নারী কাউন্সিলরদের জন্য একজন শ্রমিকও বরাদ্দ রাখা হয়নি। এ ছাড়া প্রত্যেক পুরুষ কাউন্সিলরকে প্রতি মাসে নিজ এলাকার চাপকল মেরামতের জন্য পাঁচ হাজার টাকা, সিটি করপোরেশনের ময়লা স্থানান্তরের ভ্যান মেরামতের পাঁচ হাজার টাকাসহ বিভিন্ন খাতে আর্থিক অনুদান দেওয়া হয়। নারী কাউন্সিলরদের এসব থেকে বঞ্চিত করা হচ্ছে। তাঁদের অভিযোগ, রাসিকের অনৈতিক বণ্টনের কারণে এলাকার উন্নয়নে নারী কাউন্সিলররা ভূমিকা রাখতে পারছেন না।প্যানেল মেয়র শরীফুল ইসলাম জানান, যে তিনটি ওয়ার্ড মিলে একজন নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, সেই তিন ওয়ার্ডে তিনজন পুরুষ কাউন্সিলর কাজ করছেন। নারী কাউন্সিলররা কোথায় কাজ করবেন। তাঁদের সুনির্দিষ্ট কোনো দায়িত্ব নেই। মন্ত্রণালয় থেকে আইন সংশোধন করা না হলে এ সমস্যার সমাধান হবে না। একই সমস্যা হচ্ছে সংরক্ষিত আসনের নারী সাংসদ, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও পৌরসভার ক্ষেত্রেও।