বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার হওয়া আরও পাঁচ আসামিসহ সাতজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মার্জিয়া আক্তারকে চার দিনের ও অন্যদের দুই দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। নির্যাতনের মামলায় গতকাল সোমবার বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যামসুন্দর রায় এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া অন্য আসামিরা হলেন ঘটনার মূল হোতা তুফান সরকারের শাশুড়ি ও মার্জিয়ার মা রুমি বেগম, বাবা জামিলুর রহমান, তুফানের স্ত্রী আশা সরকার, দুই সহযোগী জিতু ও মুন্না এবং নাপিত জীবন রবিদাস। ধর্ষণের মামলায় রোববার একই আদালত তুফান ও তাঁর দুই সহযোগীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৭ জুলাই ধর্ষণ ও ২৮ জুলাইয়ের নির্যাতনের ঘটনায় দুটি আলাদা মামলা হয়। দুটি মামলার মোট ১০ আসামির মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, মা-মেয়েকে নির্যাতনের অভিযোগ পেয়েই পুলিশ ‘অপারেশন বগুড়া’ অভিযান চালিয়ে মূল হোতা তুফানসহ চারজনকে আটক করে। রোববার ধরা পড়েন মা-মেয়েকে নির্যাতনকারী নারী কাউন্সিলর মার্জিয়া আক্তার এবং তাঁর মা রুমি বেগম। রাতে সাভার থেকে গ্রেপ্তার করা হয় তুফান সরকারের স্ত্রী আশা সরকার, গাড়িচালক জিতু এবং সহযোগী মুন্নাকে। চুল কেটে দেওয়ায় জড়িত নাপিত জীবন রবিদাসকে গতকাল বিকেলে বগুড়ার সাতমাথা থেকে এবং যে বাসায় মা-মেয়েকে নির্যাতন করা হয়েছিল, সেই বাসার মালিক ও নারী কাউন্সিলর মার্জিয়ার বাবা জামিলুর রহমানকে রোববার রাতে শহরের বাদুরতলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবাদ চলছেই
ছাত্রী ধর্ষণের ঘটনাকে দানবীয় উল্লেখ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং নির্যাতনের শিকার মেয়েটিসহ তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং আর্থিক-আইনিসহ সব ধরনের সহায়তা চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ ছাড়া শহরের সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ করেছে নারী মুক্তি কেন্দ্র।
আর্থিক সহায়তা
গতকাল সকালে ওই ছাত্রীকে দেখতে হাসপাতালে যান বগুড়া-১ আসনের সাংসদ এবং এক্সিম ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান। তিনি ব্যাংকের পক্ষ থেকে ছাত্রীর হাতে চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা তুলে দেন। জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী দেন ২০ হাজার টাকা।