পুরুষের তুলনায় বেশি কাজ করলেও নারী বিশ্রাম বা বিনোদনের সময় কম পাচ্ছেন। দেশের উত্তরাঞ্চলীয় দুটি জেলার নারী-পুরুষের ওপর করা এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
গবেষণাটি করেছে অ্যাকশনএইড বাংলাদেশ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশন (সিজিএসটি)। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সেমিনারে গবেষণার তথ্য উপস্থাপন করা হয়।
সিজিএসটির গবেষক সিমিন আহমেদ বলেন, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় নারীর প্রতি পুরুষের মনোভাবের ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে গাইবান্ধার পুরুষেরা এ ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছেন। তাঁরা নারীর কাজের চেয়ে পুরুষের কাজকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন এবং নারীরা যদি তাঁদের কোনোভাবে অসন্তুষ্ট করেন, তবে তাঁদের শারীরিকভাবে নির্যাতনকে সমর্থন করেন।
সিমিন আহমেদ জানান, গবেষণার আওতায় আসা জেলা দুটিতে নারীরা গড়ে প্রতিদিন ছয় ঘণ্টা সেবামূলক কাজে ও পাঁচ ঘণ্টা উৎপাদনমূলক কাজে ব্যয় করেন। সেই জায়গায় পুরুষ গড়ে এক ঘণ্টা সেবামূলক কাজে ও সাত ঘণ্টা উৎপাদনমূলক কাজে ব্যয় করে থাকেন। এই হিসাবে নারীরা বিশ্রাম কম পান। নারীর সেবামূলক কাজের কোনো মূল্যায়ন হয় না, অনেকে সেবামূলক কাজকে কাজ বলে স্বীকৃতিও দিতে চান না। গবেষণাটিতে সেবামূলক কাজ বলতে বোঝানো হয়েছে রান্নাবান্না, গৃহস্থালির কাজ ও পরিবারের সদস্যদের যত্ন করা। উৎপাদনমূলক কাজের আওতায় ছিল গরু, ছাগল, হাঁস-মুরগি পালনসহ আয় হয় এমন কাজ। অনুৎপাদনশীল কাজের মধ্যে পড়েছে অবসর, নিজের যত্ন নেওয়া এবং সামাজিক ও সাংস্কৃতিক কাজ।
নভেম্বর ২০১৩ থেকে অক্টোবর ২০১৪ পর্যন্ত লালমনিরহাট সদর উপজেলার দুটি ইউনিয়নের ১২০ জন নারী-পুরুষ এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চারটি ইউনিয়নের ১৮৫ জন এই গবেষণার আওতায় আসেন।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক প্রতিমা পাল মজুমদার বলেন, সংসারে সেবামূলক কাজের স্বীকৃতি মিললে তা মানুষের জীবনমানের উন্নতি ঘটায় ব্যাপকভাবে। নারীদের ওপর সেবামূলক কাজের চাপ কমাতে জীবনযাপন পদ্ধতি সহজ করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গবেষক শামসুল আলম বলেন, অস্ট্রেলিয়ায় সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, নারীরা বিনা পয়সায় যে সেবামূলক কাজ করেন, বৈশ্বিক আয়ে তার অবদান ৫০ শতাংশের বেশি।
ইউএনউইমেনের বাংলাদেশ শাখার পরিচালক ক্রিস্টিন হান্টার নারীকে উৎপাদনশীল কাজে যুক্ত করতে নারীবান্ধব কাজের পরিবেশের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, নারীরা রাস্তায়, যানবাহনে; এমনকি কাজের জায়গায় প্রতিকূলতার শিকার হচ্ছেন। সমস্যাগুলোকে আমলে নিয়ে সরকারকে প্রয়োজনীয় নীতি বা আইন করতে হবে।
মহিলা অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী বলেন, নারীকে ক্ষমতায়িত করতে পুরুষদের এগিয়ে আসতে হবে। নারীদের মধ্যে থাকতে হবে ইচ্ছা।
সেবামূলক কাজে পুরুষের অংশগ্রহণ ছাড়া নারীর উৎপাদনমূলক কাজে যুক্ত হওয়া কঠিন বলে মন্তব্য করেন বাংলাদেশ উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশনের সভাপতি নাসরিন আউয়াল। অ্যাকশনএইডের এদেশীয় পরিচালক ফারাহ কবীর বলেন, এক দিনের জন্য নারীরা কাজ বন্ধ রাখলে জীবনব্যবস্থায় ধস নামবে। তিনি বাবা-মা ও আদালতের অনুমতিতে ১৬ বছর বয়সে বিয়ে দেওয়ার জন্য সরকারের যে তোড়জোড়, তার কঠোর সমালোচনা করেন।
সেমিনারের শেষে ঘুড়ি ওড়ানো হয়। ফারাহ কবীর বলেন, ঘুড়ি সব সময় ছেলেরাই ওড়ায়। নারীরা আকাশে উড়তে চায় বলেই ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে।