নারী কৃষকের অধিকার সংরক্ষণে প্রচারাভিযান
দেশের কৃষিতে নারী কৃষকের অবদানের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদানসহ এ ক্ষেত্রে তাঁদের সামগ্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য প্রচারাভিযান শুরু করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, এ প্রচারাভিযানের লক্ষ্য হবে জাতীয় ও পারিবারিক পর্যায়ে খাদ্যনিরাপত্তায় নারী কৃষকের অবদানের ওপর জনসচেতনতা তৈরি ও কৃষক হিসেবে স্বীকৃতি প্রদান এবং তাঁদের অধিকার রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নীতিনির্ধারক মহলকে প্রভাবিত করা। অক্সফামের সঙ্গে ১৯টি সহযোগী প্রতিষ্ঠান এ প্রচারাভিযানের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে। এটি সম্পন্ন হওয়ার পর দেশের সাতটি বিভাগ থেকে নির্বাচিত সাতজন সফল নারী কৃষককে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া হবে। স্বীকৃতিপ্রাপ্ত ওই কৃষকেরা নিজ এলাকায় ফিরে গিয়ে অন্য নারী কৃষকদের উদ্বুদ্ধ করবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন অক্সফামের পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি ম্যানেজার মনীষা বিশ্বাস। বক্তব্য দেন সাংসদ শিরীন আখতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন্দ নিলোর্মী, জেনেভার বাংলাদেশ মিশনের সাবেক ইকোনমিক মিনিস্টার এ এম বদরুল হাসান।