কৃষিকাজে নারী শ্রমিকদের অবস্থা নিয়ে অংশগ্রহণমূলক গণ-গবেষণা (পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ) বাড়ানোর ওপর জোর দিয়েছেন কৃষিবিদেরা। তাঁরা বলেন, এর ফলে প্রান্তিক অঞ্চলে নারীর আরও ক্ষমতায়ন ঘটবে।
বেসরকারি সংস্থা প্রতীক, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিব) ও অক্সফামের উদ্যোগে গতকাল শুক্রবার রাজধানীর ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ সেমিনার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। নারীর ক্ষমতায়ন ও নারীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে প্রতীকের উদ্যোগে নীলফামারীর ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ি গ্রাম ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বড়পুকট গ্রামে ২০০ নারী কৃষককে স্মার্টফোনের সাহায্যে কৃষি-সংক্রান্ত সেবার আওতায় আনা হয়।
প্রতীকের প্রকল্প সমন্বয়কারী সুরাইয়া বেগম ‘কৃষিতে নারী এবং প্রতীক: গণ-গবেষণার ভূমিকা’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, স্মার্টফোনগুলো কারা আরও উপযোগী উপায়ে ব্যবহার করে বেশি উপকার পাচ্ছেন আর কারা এই ফোনগুলো নিয়ে অন্য খাতে ব্যবহার করছে, তা দেখতে হবে।
কৃষিবিদ ও গবেষক মো. আনিসুর রহমান নারীর অবস্থার উন্নয়নে অংশগ্রহণমূলক গণ-গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন।