নারী কৃষকের স্বীকৃতি নেই কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল নারী কৃষক সম্মেলনে উপস্থিত নারী কৃষকেরা l ছবি: প্রথম আলো
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল নারী কৃষক সম্মেলনে উপস্থিত নারী কৃষকেরা l ছবি: প্রথম আলো

লালমনিরহাটের নারী কৃষক লাইজু বেগম। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মাইক্রোফোন হাতে নিয়ে তিনি বলেন, ‘আমাদের কিছু জমি আছে, তাতে স্বামীর চাইতে আমিই বেশি পরিশ্রম করি। কিন্তু ঝামেলা লাগলে স্বামী বলে, আমি নাকি তার ভাত খাই। তাই নারী কৃষক হিসেবে আমার স্বীকৃতি চাই।’
গতকাল মঙ্গলবার লাইজু বেগমের মতো দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় দেড় শ নারী ‘কৃষক’ হিসেবে নিজেদের স্বীকৃতি দেওয়ার দাবি জানান। দ্বিতীয় জাতীয় নারী কৃষক সম্মেলনে তাঁরা তাঁদের অধিকার-বঞ্চনার নানা কাহিনি তুলে ধরেন। অ্যাকশনএইড বাংলাদেশ, কেন্দ্রীয় কৃষক মৈত্রী এবং ফুড সিকিউরিটি নেটওয়ার্ক অব বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে।
‘নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুরক্ষা, জয় করবে ক্ষুধা ও অসমতা’ শীর্ষক সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন কৃষকের অধিকার আদায়ের মোর্চা কেন্দ্রীয় কৃষক মৈত্রীর প্রেসিডেন্ট নারী কৃষক সাজেদা বেগম। তিনি চলতি বছর এশিয়ান ফার্মার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে ১৬টি দেশের ২০টি সংগঠনের প্রায় এক লাখ কৃষকেরও নেতৃত্ব দিচ্ছেন।
সম্মেলনে নারী কৃষকেরা শুধু কৃষি নয়; এলাকার চেয়ারম্যান, মেম্বারদের দুর্নীতি, শিক্ষায় কোচিং-বাণিজ্য, সরকারি বিভিন্ন সেবা নিতে গিয়ে যে ভোগান্তিতে পড়ছেন, তা-ও তুলে ধরেন। ধানের ন্যায্যমূল্য না পাওয়া, মাঠে ও বাড়িতে কাজ করার পরও স্বামীর নির্যাতন থেকে মুক্ত হতে না পারার মতো বিষয়গুলো তাঁরা তুলে ধরেন নিজেদের ভাষায়।
নারী কৃষক মর্জিনা বললেন, নারীরা সরকারের বরাদ্দ করা বিভিন্ন আর্থিক সুবিধা পাচ্ছেন না। নারীরা কৃষির বেশির ভাগ কাজ করলেও সামাজিকতার কারণে বাজারে গিয়ে তা বিক্রি করতে পারছেন না। বাড়িতে পণ্য বিক্রি করার কারণে মূল্য কম পাচ্ছেন। বাজার নিয়ন্ত্রণ কমিটিতেও কোনো নারী সদস্য নেই। পুরুষ কৃষি শ্রমিক যে কাজ করে পান ৩০০ টাকা, নারী শ্রমিক একই কাজ করে পান ১৫০ টাকা। আবার নারীদের মধ্যেও ধনী ও দরিদ্র কৃষক হিসেবে বৈষম্যের শিকার হতে হচ্ছে। ধনী নারী কৃষক খাসজমি পাওয়া থেকে সরকারের অন্যান্য সুবিধা পাচ্ছে।
সম্মেলনে মূল প্রবন্ধ পড়ে শোনান গবেষক ও খাদ্যনিরাপত্তা নেটওয়ার্কের যুগ্ম সম্পাদক মেরিনা যূথী। মূল প্রবন্ধেও কৃষিতে কর্মরত নারীদের কৃষক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি, সব পর্যায়ের বাজারে নারী কৃষকদের পণ্য বিক্রির সুব্যবস্থা নিশ্চিত করাসহ নারী কৃষকদের দাবিগুলোই তুলে ধরা হয়েছে।
সম্মেলনে কৃষি বিশেষজ্ঞ জয়নুল আবেদীন, অ্যাকশনএইডের সদস্য খলিলুর রহমানসহ অন্য অতিথিরাও নারী কৃষকের স্বীকৃতি নেই কেন এবং এ স্বীকৃতি দিতে সরকার কেন কার্পণ্য করছে, তা নিয়ে প্রশ্ন তোলেন। সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অ্যাকশনএইডের দেশীয় পরিচালক ফারাহ্ কবির।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল ওয়াদুদ দারা নারী কৃষকেরা যে দাবিগুলো তুলেছেন, তাতে একমত পোষণ করেন। নারী কৃষকদের জন্য আলাদা বাজার তৈরির বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়।