নারী ক্রীড়ার কান্ডারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ শামীম আহমেদের তত্ত্বাবধানে প্রশিক্ষণরত ভলিবল দলের নারী সদস্যরা। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে।  ছবি: সৌরভ দাশ
কোচ শামীম আহমেদের তত্ত্বাবধানে প্রশিক্ষণরত ভলিবল দলের নারী সদস্যরা। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে। ছবি: সৌরভ দাশ

ফুটবল যখন এ দেশে খেলাপাগল মানুষের উন্মাদনার উপলক্ষ ছিল, মাঠের লড়াই যখন দর্শকের হৃৎস্পন্দন বাড়িয়ে দিত, গ্যালারির হর্ষধ্বনির নিচে চাপা পড়ে যেত যাবতীয় নাগরিক কোলাহল; সেই সত্তরের দশকে ঢাকা ফুটবল লিগে দিলকুশা ও ফরাশগঞ্জের হয়ে খেলেছেন শামীম আহমেদ।

সেই সব দিন হয়তো আজ শুধুই স্মৃতি। কিন্তু স্মৃতি আঁকড়ে বসে থাকার মানুষ তো নন শামীম। মাঠের আহ্বান তাঁর রক্তে। এক-আধটু কোচিংয়ের কাজ শুরু করেছিলেন আগেই। কিন্তু পায়ে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়ার পর নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠিত করেছেন এই নতুন পরিচয়ে।

১৯৮২ সালে কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন শামীম। সেই থেকে অ্যাথলেটিকস, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় মেয়েদের প্রশিক্ষণ দেওয়ার কাজটি নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন, এই ষাটোর্ধ্ব বয়সেও। তাঁর প্রশিক্ষণে গড়ে ওঠা মেয়েরা দেশের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অর্জন করেছে শ্রেষ্ঠত্বের শিরোপা। তাঁদের সাফল্যই শামীমের কাছে তাঁর শ্রম-ঘাম-নিষ্ঠা ও মমতার যথার্থ প্রতিদান।

এই তো গত মার্চ মাসে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ যুব গেমসে চট্টগ্রাম বিভাগের যে তরুণী দলটি ভলিবলে শিরোপা জিতেছে, সেটির কোচ ছিলেন এই মেয়েদের প্রিয় ‘শামীম স্যার’।
কোচ হিসেবে শামীমের সাফল্যের তালিকাটিতে চোখ রাখলে দেখা যাবে, প্রায় ৩৬ বছরের ঐকান্তিক চেষ্টা ও সাধনা বিফলে যায়নি। কোচ হিসেবে যাত্রা শুরুর বছরটিতেই (১৯৮২) চট্টগ্রাম জেলা মহিলা দলকে জাতীয় অ্যাথলেটিকসে রানার্সআপ করতে সমর্থ হন তিনি। সেই একই বছর জাতীয় মহিলা ভলিবলে চট্টগ্রামের যে দলটি রানার্সআপ হয়, সেটিরও কোচ ছিলেন শামীম।

চ্যাম্পিয়ন হতে চট্টগ্রাম মহিলা ভলিবল দলকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। পরের বছরই (১৯৮৩) দলটি জাতীয় চ্যাম্পিয়ন হয়ে কোচ হিসেবে শামীমের সামর্থ্যকে প্রমাণ করেছিল। জাতীয় মহিলা ভলিবলে অবশ্য তাঁর দল চ্যাম্পিয়ন হয়েছিল আরও কয়েক বছর পর, ২০০১ সালে।

কোচ শামীমের তত্ত্বাবধানে চট্টগ্রামের মেয়েরা মোট ছয়বার জাতীয় পর্যায়ে অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় চারবার। এ ছাড়া বিচ ভলিবলে রানার্সআপ (২০১৪) ও চ্যাম্পিয়ন (২০১৭) চট্টগ্রামের মেয়েদের দল দুটিরও কান্ডারি ছিলেন শামীম।

শুধু মেয়েদের কোচিং করান কেন? জবাবে শামীম বলেন, ‘শুরুতে ছেলে-মেয়ে সবাইকে কোচিং করাতাম। পরে মনে হলো ছেলেরা তো তবু নানাভাবে নানা জায়গায় গিয়ে অনুশীলন করতে পারে, কিন্তু আমাদের দেশের মেয়েদের সুযোগ একেবারেই নেই। অথচ তাদের মধ্যে সম্ভাবনা আছে। আমি সুযোগ তৈরি করে দিতে চেয়েছি, সম্ভাবনাটাকে কাজে লাগাতে চেয়েছি।’

শামীম আহমেদ সম্পর্কে সাবেক জাতীয় অ্যাথলেট ও বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা রায় বলেন, ‘মেয়েদের খেলাধুলার মান উন্নয়নে এই মানুষটির অবদান অসামান্য। তিনি না থাকলে মেয়েদের খেলাধুলা যে আজ এই পর্যায়ে এসে পৌঁছাত না, সে কথা নির্দ্বিধায় বলতে পারি। প্রতিভা খুঁজে বের করা, তাদের দিনের পর দিন সময় দেওয়া...এটা অনেক বড় কাজ। আর সবচেয়ে বড় ব্যাপার অভিভাবকেরা তাঁকে ট্রাস্ট (বিশ্বাস) করেন, তাঁর ওপর নির্ভর করতে পারেন।’

যাঁদের নিয়ে গর্ব
একসময় যাঁরা শামীমের কাছে অনুশীলন করে জাতীয় পর্যায়ে স্বীকৃতি ও প্রতিষ্ঠা পেয়েছেন, আজ তাঁদের কথা ভেবে গর্ববোধ করেন তিনি। বললেন, ‘আমি তো শুধু পথটা চিনিয়ে দিয়েছিলাম। তাঁরা নিজেদের অদম্য ইচ্ছাশক্তি ও নিষ্ঠা দিয়ে সাফল্য ও স্বীকৃতি পেয়েছে। শুরুর দিনগুলোতে আমি তাদের পাশে ছিলাম, এ কথা ভেবে আজ তৃপ্তি পাই। তাদের নিয়ে গর্ববোধ করি।’
বাংলাদেশ মহিলা ভলিবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে দলের সহকারী কোচ আলেয়া খাতুনের হাতেখড়ি হয়েছিল শামীম আহমেদের কাছে। কলকাতা সাফ গেমসের (১৯৮৭) ৪x৪০০ মিটার রিলেতে রৌপ্যপদক জয়ীদের একজন লুবনা মাহমুদ দীর্ঘদিন অনুশীলন করেছেন ‘শামীম স্যারের’ তত্ত্বাবধানে। তাঁর ছাত্রীদের মধ্যে রীতা বড়ুয়া ১৯৯৭ সালে জাতীয় মহিলা অ্যাথলেটিকসের ১০০ মিটার হার্ডলসে স্বর্ণপদক জিতেছিলেন। বর্তমানে তিনি শুল্ক বিভাগে কর্মরত।

১৯৯৯ সালে জাতীয় অ্যাথলেটিকসে শটপুটে প্রথম ও চাকতি নিক্ষেপে দ্বিতীয় হয়েছিলেন শামীমের ছাত্রী নীনা পারভীন। এ ছাড়া জাতীয় স্কুল ব্যাডমিন্টনে বিভিন্ন সময়ে চ্যাম্পিয়ন হওয়া কথাকলি-চম্পাকলি, সনি-মণি ও আঁখি-লাকী ভগ্নিযুগলের কথাও মনে পড়ে শামীমের। স্বপ্নপূরণের পথে তাঁদের কিছুটা এগিয়ে দিতে পেরেছিলেন, এটা তাঁর স্মৃতির সঞ্চয়।
এই মেয়েরাও যে ‘শামীম স্যার’কে ভোলেননি, তা বোঝা গেল আলেয়া খাতুনের কথায়। স্মৃতিচারণা করতে গিয়ে জাতীয় মহিলা ভলিবল দলের এই সাবেক অধিনায়ক বলেন, ‘শামীম স্যারের স্নেহ-শাসনমাখা কঠোর অনুশীলনের মধ্যে আমার বেড়ে ওঠা। শুধু আমি কেন, কত মেয়ে যে তাঁর কাছে প্রশিক্ষণ পেয়ে দেশের সেরা ক্রীড়াবিদ হয়ে উঠেছেন, বলে শেষ করা যাবে না। চট্টগ্রামে মহিলা ভলিবল লিগ চালু আছে, দেশের আর কোথাও নেই, এটাও শামীম স্যারের একক প্রচেষ্টায় সম্ভব হয়েছে। এ রকম একজন শিক্ষক ও অভিভাবক পাওয়া ভাগ্যের ব্যাপার।’

নিজেই যখন মাঠ দাপাতেন
অ্যাথলেট হিসেবে নিজের ক্রীড়াজীবন শুরু করেছিলেন শামীম। পিতার কর্মসূত্রে বরিশালে ছিলেন তখন। সেটা ১৯৭৪ সাল। আন্তস্কুল অ্যাথলেটিকসে অংশ নিয়ে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে ১০০ মিটার দৌড়ে দ্রুততম মানব হয়েছিলেন ১৯৭৮ সালে।

ওই দৌড়ঝাঁপের দিনগুলোতে ফুটবলের নেশা ঢুকে পড়েছিল শরীর ও মনে। ১৯৭৫ সালে বরিশাল প্রথম বিভাগ ফুটবল লিগে মোহামেডানের পক্ষে খেলেছিলেন। ঢাকা থেকে সেই দলের হয়ে খেলতে এসেছিলেন তখনকার তারকা ফুটবলার হাফিজউদ্দীন (বর্তমানে বিএনপি নেতা মেজর অব. হাফিজউদ্দীন বীর বিক্রম) ও গোলাম শহীদ (নীলু)। তো, ‘নীলু ভাই’ শামীমের নৈপুণ্য দেখে সে বছরই তাঁকে ঢাকা লিগে খেলতে নিয়ে যান। দিলকুশা ক্লাবের হয়ে দুবছর ও ফরাশগঞ্জের হয়ে এক বছর ঢাকা লিগে খেলেন শামীম। ১৯৭৭ সালে চট্টগ্রামে খ্যাতিমান ফুটবল কোচ ও সংগঠক ইকবাল খান (ক্রিকেটার তামিম ইকবালের বাবা) তাঁকে নবগঠিত কেকেআরসি দলের হয়ে খেলতে আমন্ত্রণ জানালে শামীম চট্টগ্রামে ফিরে আসেন। পরবর্তীকালে কেকেআরসি চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্রের সঙ্গে একীভূত হয়ে গেলে আবাহনীর হয়ে নিয়মিত খেলেন। এরপর চট্টগ্রাম প্রথম বিভাগ লিগে নানা সময়ে মোহামেডান, ল্যান্ড কাস্টমস ও বিসিআইসির হয়ে খেলেছেন।

১৯৮৬ সালে পায়ের লিগমেন্ট ছিঁড়ে গেলে অস্ত্রোপচার করতে হয়েছিল। ফুটবলার হিসেবে স্বপ্ন ও সম্ভাবনারও অবসান হয় তখন। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান তাঁর সম্পর্কে বলেন, ‘শামীম ভাই আপাদমস্তক একজন স্পোর্টসম্যান। আমাদের শৈশবে তাঁকে দেখেছি ফুটবলার হিসেবে। খুব ভালো একজন খেলোয়াড়। পাশাপাশি সেই সময়ে ক্রীড়াক্ষেত্রে অনগ্রসর মেয়েদের সুযোগ করে দেওয়া ও প্রশিক্ষণের জন্য যে পরিশ্রম তিনি করেছেন বা এখনো করছেন, সেটা একটা বিরাট ব্যাপার বলে মনে করি আমি।’

আরও কিছু স্বপ্ন-আশা
জন্ম ১৯৫৫ সালে। অঙ্কের হিসাবে বয়স এখন ৬৩। কিন্তু বয়স যেন ছুঁতে পারেনি তাঁকে। সুঠাম দেহ আর মনের তারুণ্যই বোধ করি এখনো তাঁর চেহারায় জাগিয়ে রেখেছে যৌবনের দীপ্তি। ছেলে তূর্য ও মেয়ে রুমানা থাকেন যুক্তরাজ্যে। বিবাহিত কন্যাটি সংসার করছেন, ছেলে ব্যবসায় প্রশাসন বিষয়ে পড়াশোনা করছেন সেখানে।

পৈতৃক বহুতল ভবনের নিজস্ব ফ্ল্যাটে থাকেন শামীম-জেসমিন দম্পতি। অর্থনৈতিক দুশ্চিন্তা নেই। স্ত্রী জেসমিন আহমেদও স্বামীর ‘অকাজের কাজটাকে’ সমর্থন করেন, উত্সাহ জোগান।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ভলিবল কমিটির যুগ্ম সম্পাদক শামীম আহমেদের আগ্রহ ও উদ্যোগে সারা দেশে একমাত্র চট্টগ্রামেই এখনো চালু আছে মহিলা ভলিবল লিগ। মেয়েদের জন্য একটি ক্রীড়া একাডেমি গড়ে তুলতে চান তিনি। যেখানে মেয়েদের ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকসসহ সব ধরনের আয়োজন থাকবে।

যত দিন শারীরিকভাবে সুস্থ থাকবেন, তত দিন এই কর্মযজ্ঞের মধ্যেই থাকতে চান তিনি। একদিন ‘তাঁর মেয়েরা’ আন্তর্জাতিক অঙ্গনেও তাঁদের প্রতিভার পরিচয় তুলে ধরতে পারবে, এই স্বপ্ন নিয়েই প্রতিদিন বাঁচেন শামীম আহমেদ।